১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাইবেরিয়ার মাতৃসদনে ৯ নবজাতকের মৃত্যুর পর প্রধান চিকিৎসক আটক

তদন্ত কমিটি জানায়, কর্তব্যে অবহেলার কারণে ওই নবজাতকদের মৃত্যু হয়েছে এমন সন্দেহে ওই চিকিৎসকদের আটক করা হয়েছে।

সাইবেরিয়ার মাতৃসদনে ৯ নবজাতকের মৃত্যুর পর প্রধান চিকিৎসক আটক
একজন তদন্তকারী হাসপাতালটির ডেলিভারি রুম পরিদর্শন করছেন। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2026, 02:50 PM

Updated : 26 Aug 2026, 05:33 PM

সাইবেরিয়ার একটি মাতৃসদনে ৯ নবজাতকের মৃত্যুর পর প্রধান চিকিৎসক ও হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রের (ইনটেনসিভ কেয়ার ইউনিট) ভারপ্রাপ্ত প্রধানকে আটক করেছে রাশিয়ার তদন্তকারী কর্তৃপক্ষ।বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় তদন্ত কমিটি জানায়, কর্তব্যে অবহেলার কারণে ওই নবজাতকদের মৃত্যু হয়েছে এমন সন্দেহে ওই চিকিৎসকদের আটক করা হয়েছে। 

রয়টার্স জানিয়েছে, তাৎক্ষণিকভাবে ওই চিকিৎসক বা তাদের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি তারা। 

এক বিবৃতিতে তদন্ত কমিটি বলেছে, “চিকিৎসা সেবা দেওয়া ও তার ব্যবস্থা করার ক্ষেত্রে সন্দেভাজনরা তাদের দাপ্তরিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন না করার ফলে ১ ডিসেম্বর, ২০২৫ থেকে ১২ জানুয়ারি, ২০২৬ এর মধ্যে জন্ম নেওয়া ৯ নবজাতকের মৃত্যু হয়।” 

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত ও স্বাধীন গণমাধ্যমগুলোতে এ খবর প্রকাশিত হলে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জন্মহার বাড়ানোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। 

দেশটির রাজনীতিক, ভাষ্যকার ও সাধারণ মানুষ সবাই বলছেন, এ ধরনের শোচনীয় ঘটনা যদি ঘটতে থাকে আর যথাযথ তদন্ত না হয় তাহলে দেশ জন্মহার বাড়ানোর আশা করে কীভাবে।