‘নৈতিক অবক্ষয়’, আলজেরিয়ায় নিষিদ্ধ বার্বি সিনেমা
এরই মধ্যে সিনেমাটির ১ বিলিয়ন ডলারের বেশি মূল্যের টিকেট বিক্রি হয়েছে।
সারা বিশ্ব যেখানে কাঁপছে বার্বি জ্বরে সেখানে ‘নৈতিক অবক্ষয় ঘটাচ্ছে’ বলে হলিউডের সিনেমাটি নিষিদ্ধ করেছে উত্তর আফ্রিকার মুসলিম প্রধান দেশ আলজেরিয়া।
দেশটির সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে সিনেমা হল মালিকদের এখনই ব্লকবাস্টার এই সিনেমাটি নামিয়ে ফেলতে বলা হয়েছে বলে জানায় বিবিসি।
নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সিনেমাটিতে সমকামিতার পক্ষে প্রচার চালানো হয়েছে। যা আলজেরিয়ার ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
গত ২১ জুলাই মুক্তি পাওয়ার পর ইতিমধ্যে বার্বি সিনেমাটির ১ বিলিয়ন ডলারের টিকিট বিক্রি হয়েছে।
আলজেরিয়ার সর্ববৃহৎ তিন নগরী আলজিয়ের্স, ওরান এবং কন্সট্যানটিনের সবগুলো সিনেমা হলে এই সিনেমা দেখতে ভিড় লেগে গিয়েছিল বলে জানিয়েছে ২৪এইচ আলজেরি নিউজ।
তবে শুধু আলজেরিয়াতেই নয় বরং আরব বিশ্ব থেকেও এই সিনেমায় প্রচার করা সামাজিক মূল্যবোধের সমালোচনা করা হয়েছে। গত সপ্তাহে কুয়েত সরকার সে দেশে বার্বি সিনেমা নিষিদ্ধ করে।
কিন্তু সৌদি আরবসহ বিভিন্ন রক্ষণশীল আরব দেশে আলোচিত ‘বার্বি’ সিনেমাটির প্রদর্শন চলছে।
যুক্তরাজ্য এবং স্পেনসহ অনেক দেশের সরকার প্রধান সিনেমাটির প্রশংসা করেছে। ‘বার্বি’ সিনেমাটি পরিচালনা করেছেন গ্রেটা গারউইগ।
