২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খার্তুমে তুমুল লড়াই চললেও আলোচনায় আগ্রহ বেড়েছে দুই পক্ষেরই, বলছেন জাতিসংঘের দূত

তবে আলোচনা শুরুর এখনও কোনো তারিখ ঠিক হয়নি।

খার্তুমে তুমুল লড়াই চললেও আলোচনায় আগ্রহ বেড়েছে দুই পক্ষেরই, বলছেন জাতিসংঘের দূত

সৌদি আরবে যাওয়ার জাহাজে উঠতে পোর্ট সুদানে ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার নাগরিকদের ভিড়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2023, 12:55 PM

Updated : 30 Apr 2023, 12:55 PM

সুদানে প্রতিদ্বন্দ্বী দুই সামরিক বাহিনীর লড়াই তৃতীয় সপ্তাহে গড়ানোর দিন শনিবারও বিমান হামলা আর কামানের গোলায় কেঁপেছে খার্তুম।

যুদ্ধ না থামলে অস্থিতিশীলতা আরও বিস্তৃত হবে এমন সতর্কবার্তার মধ্যে দুই পক্ষের তুমুল লড়াই এদিনও আরও অনেক বেসামরিককে শহর ছেড়ে পালাতে বাধ্য করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শনিবার বিকালের দিকে খার্তুমের শহরতলীর কাছে, সেনা সদরদপ্তর ও প্রেসিডেন্ট প্রাসাদের সন্নিকটে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে।

অন্য দেশের সরকারগুলো তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার কার্যক্রম অব্যাহত রেখেছে। শনিবার মার্কিন সরকারের উদ্যোগে একটি বহর লোহিত সাগর তীরবর্তী শহর পোর্ট সুদানে নেমেই মার্কিন নাগরিক, স্থানীয় কর্মী ও অন্যদের সরিয়ে নেওয়ার কাজে লেগে পড়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‍মুখপাত্র ম্যাথিউ মিলার। 

তিনি বলেন, যাদের সরিয়ে নেওয়া হচ্ছে, তাদেরকে সৌদি আরবের জেদ্দায় পৌঁছে দিতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রের সরকার। তবে সুদানে এখনও কত মার্কিনি আটকা পড়ে আছেন, সেই সংখ্যা বলেননি তিনি।

তার আগে জাতিসংঘের দূত ভলকার পার্থেজ সংঘাত বন্ধের সম্ভাবনা নিয়ে খানিকটা আশার আলোও দেখান। এখন পর্যন্ত কোনো রকম ছাড় দেওয়ার ইঙ্গিত না দেওয়া দুই পক্ষই আলোচনার জন্য আরও উন্মুখ হয়েছে, বলেছেন তিনি।

তবে আলোচনা শুরুর এখনও কোনো তারিখ বা স্থান ঠিক হয়নি।

উত্তরপূর্ব আফ্রিকার দেশটির ক্ষমতাকে কেন্দ্র করে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে অনেকদিন ধরে থাকা কামড়াকামড়ি ১৫ এপ্রিল থেকে সংঘর্ষে রূপ নেওয়ার পর এ পর্যন্ত কয়েকশ লোক নিহত হয়েছে, আহত হাজার ছাড়িয়েছে।

এই সংঘর্ষ সুদানকে গৃহযুদ্ধের দিকে ধাবিত করছে, দেশটিতে গণতান্ত্রিক সরকারব্যবস্থা প্রবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থিত ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে প্রতিদিন একটু একটু করে দূরে সরিয়ে দিচ্ছে, হাজার হাজার লোককে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে যেতে বাধ্য করছে।

সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা উত্তরাঞ্চলীয় বাহরি এবং ওমডুরমানে চিরুনি অভিযান ও আরএসএফ  সেনাদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। সেনাবাহিনী আরএসএফের ২৫টি যান ধ্বংস করেছে। রাজধানীর একাধিক ব্যাংক ও দোকান লুটেরও খবর দিয়েছে তারা।

প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে বলেছেন, তারা রাজধানীর উত্তরে দেশের অন্যতম প্রধান তেল শোধনাগারের কাছে সেনাবাহিনীর ড্রোনকে আরএসএফের ওপর হামলা চালাতে দেখেছেন।

যুক্তরাষ্ট্রসহ বিদেশি শক্তিগুলোর মধ্যস্থতায় একের পর এক যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পরও দুই পক্ষের সেনাদের মধ্যে সংঘাত অব্যাহত আছে। সর্বশেষ ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিও রোববার মধ্যরাতে শেষ হচ্ছে।

শনিবার আরএসএফ  তাদের বিবৃতিতে বলেছে, তারা ওমডুরমানে একটি সেনা যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।

যুদ্ধবিরতি লংঘনের জন্য তারা সেনাবাহিনীকে দায়ীও করেছে। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে সেনাবাহিনীর কোনো প্রতিক্রিয়া জানতে পারেনি রয়টার্স। আরএসএফের বিমান গুলি করে ভূপাতিত করার দাবির সত্যতাও যাচাই করতে পারেনি তারা।

সুদানের সেনাবাহিনী এর আগে যুদ্ধবিরতি লংঘনের দায় আরএসএফের ওপর চাপিয়েছিল।

তবে শনিবার দিনের অনেকটা অংশ রাজধানীজুড়ে আগের দিনগুলোর তুলনায় কম সহিংসতা দেখা গেছে বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা।

কয়েকদিনের টানা সংঘাতের পর পশ্চিমাঞ্চলীয় দারফুরের এল জেনেইনা শহরও তুলনামূলক শান্ত ছিল। দুই পক্ষের সংঘাতে দারফুরেই মৃত্যু ২০০তে পৌঁছে গেছে বলে জানিয়েছে দারফুর বার অ্যাসোসিয়েশন, আহত হাজার ছাড়িয়েছে বলেও ভাষ্য তাদের।

তবে সুদানে জাতিসংঘের বিশেষ দূত পার্থেজ রয়টার্সকে বলেছেন, দুই পক্ষের মনোভাবে পরিবর্তন এবং তারা যে আলোচনার জন্য আরও উন্মুখ হয়ে উঠেছে তা টের পাচ্ছেন তিনি।

“তারা ‘এক ধরনের আলোচনাকে’ মেনে নেবে বলেই মনে হচ্ছে। অথচ প্রথম সপ্তাহ এবং তার পরেও তাদের কথাবার্তার মধ্যে ‘মধ্যস্থতা’ বা ‘আলোচনা’ ছিলই না,” বলেছেন তিনি।

পার্থেজ জানান, দুই পক্ষই আলোচনার জন্য প্রতিনিধি ঠিক করেছে এবং জেদ্দা বা দক্ষিণ সুদানের জুবায় আলোচনা হতে পারে এ ধরনের পরামর্শও মিলেছে। তবে সেসব জায়গায় তারা সত্যিকার অর্থেই বসবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

এই মুহূর্তে জরুরি কাজ হচ্ছে, যুদ্ধবিরতি পর্যবেক্ষণের একটি পদ্ধতি দাঁড় করানো, বলেছেন তিনি।

“যুদ্ধ যে অব্যাহত থাকতে পারে না, তা উভয়েই স্বীকার করে নিয়েছে,” মন্তব্য এ জাতিসংঘ দূতের।

তিন সপ্তাহে গড়ানো এই যুদ্ধ এখন পর্যন্ত অন্তত ৫২৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে, সাড়ে ৪ হাজারের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়।

জাতিসংঘও হতাহতের একই রকম একটি হিসাব দিয়েছে, কিন্তু প্রকৃত সংখ্যা এর অনেক বেশি হবে বলেও ধারণা তাদের।

দুই পক্ষের সংঘর্ষ কেবল অভ্যন্তরীণভাবেই ৭৫ হাজারের বেশি মানুষকে বাস্তুচ্যুত করেছে, বলছে জাতিসংঘের প্রতিবেদন।