২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

তাইওয়ান প্রণালীতে ব্রিটিশ যুদ্ধজাহাজের টহলে চীনের প্রতিবাদ

বিমানবাহী রণতরী এইচএমএস প্রিন্স অব ওয়েলসের নেতৃত্বে সম্প্রতি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে এসেছে যুক্তরাজ্যের একটি নৌবহর। এর মধ্যেই এইচএমএস স্পে তাইওয়ান প্রণালীতে টহল দিল।

তাইওয়ান প্রণালীতে ব্রিটিশ যুদ্ধজাহাজের টহলে চীনের প্রতিবাদ
ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস স্পে। ছবি: ব্রিটিশ রয়াল নেভি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2025, 04:58 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

দুইদিন আগে ব্রিটিশ এক যুদ্ধজাহাজের তাইওয়ান উপকূল পাড়ি দেওয়ার ঘটনাকে ‘শান্তি ও স্থিতিশীলতা ক্ষুণ্নে উদ্দেশ্যমূলক উসকানি’ হিসেবে অভিহিত করেছে চীনের সামরিক বাহিনী।

অন্যদিকে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী বলেছে, বুধবার ওই প্রণালীতে তাদের এইচএমএস স্পে-র টহল ছিল আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

যুদ্ধজাহাজটি ওই অঞ্চলে মোতায়েন এবং তাইওয়ান প্রণালীতে টহলের পরিকল্পনা অনেক আগের, বলেছে তারা।

এর মধ্য দিয়ে চার বছর পর ব্রিটিশ কোনো যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালীতে টহল দিল, লিখেছে বিবিসি। 

বিমানবাহী রণতরী এইচএমএস প্রিন্স অব ওয়েলসের নেতৃত্বে সম্প্রতি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে এসেছে যুক্তরাজ্যের একটি নৌবহর। তাদের এ অঞ্চলে আট মাস থাকার কথা। এর মধ্যেই এইচএমএস স্পে তাইওয়ান প্রণালীতে টহল দিল। 

চীন তাইওয়ানকে তার নিজের ভূখণ্ড মনে করে, এবং মূল ভূখণ্ডের সঙ্গে একে যুক্ত করতে প্রয়োজনে শক্তি ব্যবহার করতে বেইজিং পিছপা হবে না বলে তাদের হুঁশিয়ারিও আছে।

স্বশাসিত তাইওয়ান তাদের ওপর বেইজিংয়ের খবরদারিকে প্রত্যাখ্যান করে আসছে।  

মার্কিন যুদ্ধজাহাজগুলোকে প্রায়ই তাইওয়ান প্রণালী পাড়ি দিতে দেখা গেলেও সর্বশেষ ২০২১ সালে যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ এইচএমএস রিচমন্ড ওই জলসীমায় টহল দিয়েছিল। সেসময় যুদ্ধজাহাজটিকে ভিয়েতনামে মোতায়েন করা হয়েছিল।

সেবারও চীন এ টহলের প্রতিবাদ জানিয়ে ব্রিটিশ জাহাজটির গতিবিধি পর্যবেক্ষণে সেনা পাঠিয়েছিল। 

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দুটি ব্রিটিশ যুদ্ধজাহাজ স্থায়ীভাবে টহলে রয়েছে, এইচএমএস স্পে তার একটি। 

এইচএমএস প্রিন্স অব ওয়েলসের নেতৃত্বে ইন্দো-প্যাসিফিকে আসা নৌবহরে প্রায় ৪ হাজার সেনা রয়েছে বলে জানিয়েছে বিবিসি। 

এই বহরটির ৮ মাসে ৩০টি দেশে সফর ও সামরিক অভিযান পরিচালনার পাশাপাশি যুক্তরাষ্ট্র, ভারত, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার সঙ্গে একাধিক মহড়ায় অংশ নেওয়ার কথা রয়েছে।