২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসন’ বন্ধ হলেই খুলবে হরমুজ প্রণালি: ইরান

হরমুজ প্রণালি আন্তর্জাতিক জলসীমায় পড়ে না এবং এপথ দিয়ে নিরাপদ যাতায়াত মূলত ‘ইরান ও ওমানের সদিচ্ছার’ ওপর নির্ভর করে- বলেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2026, 05:33 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসন’ বন্ধ হলে তবেই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য ‘নিরাপদ যাতায়াত’ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ।  

বুধবার বিবিসির ‘টুডে’ প্রোগ্রামে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

খাতিবজাদেহ বলেন, ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে চায়। তার মতে, গত কয়েক সহস্রাব্দ ধরে এই পথ উন্মুক্ত ছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর পরিস্থিতি বদলে গেছে।

তবে প্রণালিটি পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে তিনি শর্ত জুড়ে দিয়ে বলেন, “যুক্তরাষ্ট্র যখন এই আগ্রাসন বন্ধ করবে, কেবল তখনই এটি পুনরায় খুলে দেওয়া হবে।” 

ধারণা করা হচ্ছে, লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার প্রতি মার্কিন সমর্থনকেই তিনি ‘আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছেন।

ইরানি এই কর্মকর্তা আরও বলেন, তেহরান ‘আন্তর্জাতিক রীতি ও আন্তর্জাতিক আইন’ মেনে চলতে চায়। তবে তিনি এও বলেন যে, হরমুজ প্রণালি আন্তর্জাতিক জলসীমায় পড়ে না এবং এ পথ দিয়ে নিরাপদ যাতায়াত মূলত ‘ইরান ও ওমানের সদিচ্ছার’ ওপর নির্ভর করে।

সাক্ষাৎকারে উপস্থাপক নিক রবিনসন প্রশ্ন করেন, নিরাপদ যাতায়াত বলতে ইরান কি এটিই বোঝাচ্ছে যে, তারা প্রতিটি জাহাজের কাছ থেকে কোনো ফি বা ‘টোল’ আদায় করবে না কিংবা জাহাজ উড়িয়ে দেওয়ার হুমকি দেবে না?

জবাবে খাতিবজাদেহ বলেন, ইরান চায় এই প্রণালিটি ‘শান্তিপূর্ণ’ থাকুক। 

তবে তিনি সতর্ক করে বলেন, নিরাপদ যাতায়াতের বিষয়টি একতরফা নয় এবং পারস্য উপসাগরকে ‘যুদ্ধজাহাজের অপব্যবহারের’ ক্ষেত্র হিসেবে কোনোভাবেই মেনে নেওয়া হবে না।