০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

রাশিয়ার হামলায় তৃতীয় এফ-১৬ যুদ্ধবিমান হারালো ইউক্রেইন, পাইলট নিহত

ইউক্রেইনের আকাশ প্রতিরক্ষায় এসব মার্কিন যুদ্ধবিমান বিমান ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে ও কেন্দ্রীয় ভূমিকা পালন করছে।

রাশিয়ার হামলায় তৃতীয় এফ-১৬ যুদ্ধবিমান হারালো ইউক্রেইন, পাইলট নিহত
ইউক্রেইনের রাজধানী কিইভে রাশিয়ার ড্রোন হামলা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2025, 04:41 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

রাশিয়ার হামলায় ইউক্রেইন তাদের ততৃীয় এফ-১৬ যুদ্ধবিমান হারিয়েছে এবং পাইলট নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। 

রোববার দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, রাতে রাশিয়া কয়েকশ ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেইনে হামলা চালায়, এই হামলা প্রতিরোধ করতে গিয়ে ওই পাইলট নিহত হন ও তার এফ-১৬ বিমানটি ধ্বংস হয়। 

রাশিয়ার সঙ্গে যুদ্ধে তাদের বিমান বাহিনী কতগুলো এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করছে তা প্রকাশ করেনি কিইভ, কিন্তু ইউক্রেইনের আকাশ প্রতিরক্ষায় এসব মার্কিন বিমান ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে ও কেন্দ্রীয় ভূমিকা পালন করছে বলে রয়টার্স লিখেছে।   

ইউক্রেইনের সামরিক বাহিনী জানিয়েছে, এ রাতে রাশিয়া ৪৭৭টি ড্রোন ও বিভিন্ন ধরনের ৬০টি ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেইনে হামলা চালায়। ইউক্রেইনীয় বাহিনী এগুলোর মধ্যে ২১১টি ড্রোন ও ৩৮টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।   

বাহিনীটি বলেছে, “ব্যাপক এই হামলা প্রতিরোধ করতে প্রতিরক্ষা বাহিনীর সব উপায় কাজে লাগানো হয়েছিল।” 

ইউক্রেইনের বিমান বাহিনী জানিয়েছে, এফ-১৬ যুদ্ধবিমানটির ইউক্রেইনীয় পাইলট তার পক্ষে যা যা করা সম্ভব সবই করেছেন এবং বিমানটিকে উড়িয়ে একটি জনবসতি থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু বিমানটি থেকে বের হয়ে আসার সময় পাননি। 

টেলিগ্রাম অ্যাপে বিমান বাহিনীটি বলেছে, “পাইলট তার বিমানে থাকা সব অস্ত্র ব্যবহার করেছেন এবং আকাশে থাকা সাতটি লক্ষ্যবস্তুকে ভূপাতিত করেছেন। শেষ লক্ষ্যবস্তুটিকে গুলি করার সময় তার বিমানে আঘাত লাগে, সেটি ক্ষতিগ্রস্ত হয় ও নিচে পড়ে যাওয়া শুরু করে।” 

এই হামলার সময় ইউক্রেইনের লভিভ, পোল্টাভা, মিকোলাইভ, দনিপ্রোপেত্রোভস্ক, চেকার্সি ও ইভানো-ফ্রাঙ্কিভস্কতে বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে বলে রয়টার্স জানিয়েছে।  

ইউক্রেইনের সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির ছয়টি স্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। 

কর্মকর্তারা জানিয়েছেন, চেকার্সি ও ইভানো-ফ্রাঙ্কিভস্কতে বেশ কয়েকটি বেসামরিক ভবন ও একটি কলেজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নারী ও শিশুসহ অন্তত সাতজন আহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় মিকোলাইভ ও মধ্যাঞ্চলীয় দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে বিভিন্ন শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। 

লভিভ অঞ্চলের গভর্নর জানিয়েছেন, হামলায় তার অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকে লক্ষ্যস্থল করা হয়েছিল। হামলার পর সেগুলোর কী হয়েছে তা আর জানাননি তিনি। 

সামাজিক মাধ্যম এক্স এ ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লিখেছেন, “মস্কোর ব্যাপক হামলা চালানোর সক্ষমতা যতদিন আছে ততদিন থামবে না তারা। শুধু এই সপ্তাহেই তারা ১১৪টিরও বেশি ক্ষেপণাস্ত্র, ১২৭০টিরও বেশি ড্রোন এবং প্রায় ১১০০ গ্লাইড বোমা নিক্ষেপ করেছে।”