২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইথিওপিয়ার তিগ্রাইয়ে ‘খেলার মাঠে বিমান হামলায় নিহত ৭’

দেশটির সরকারি বাহিনী ও আঞ্চলিক তিগ্রাই বাহিনীর মধ্যে চলা যুদ্ধবিরতি চলতি সপ্তাহে ভেঙে পড়ার পর এটিই প্রথম বিমান হামলা।

ইথিওপিয়ার তিগ্রাইয়ে ‘খেলার মাঠে বিমান হামলায় নিহত ৭’

শিশুদের খেলার মাঠে বিমান হামলা চালনো হয়েছে বলে অভিযোগ করেছে তিগ্রাইয়ের আঞ্চলিক কর্তৃপক্ষ ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2022, 04:12 PM

Updated : 27 Aug 2022, 04:12 PM

ইথিওপিয়ার তিগ্রাই অঞ্চলের প্রধান শহরে শিশুদের খেলার মাঠে বিমান হামলায় অন্তত ৭ জন নিহত ও ৯ জন আহত হয়েছে বলে স্থানীয় চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন।

হামলায় নিহতদের মধ্যে তিন শিশুও আছে বলে ওই মেডিকেল কর্মকর্তারা অভিযোগ করেছেন; কিন্তু ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকার বেসামরিক নিহতের কথা অস্বীকার করেছে।

দেশটির সরকারি বাহিনী ও আঞ্চলিক তিগ্রাই বাহিনীর মধ্যে চার মাস ধরে চলা যুদ্ধবিরতি চলতি সপ্তাহে ভেঙে পড়ার পর শুক্রবারই প্রথম এ ধরনের হামলা হল, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তিগ্রাই ও আমহারা অঞ্চলের সীমান্তে এই দুই বাহিনীর মধ্যে ফের সংঘর্ষ শুরু হওয়ার দুইদিন পর আঞ্চলিক রাজধানী মেকেলে-তে এ বিমান হামলা চালানো হয়।

আঞ্চলিক কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকা তিগ্রাই টেলিভিশন হামলার জন্য কেন্দ্রীয় সরকারের বাহিনীকে দায়ী করেছে। ইথিওপিয়ার আকাশে এখন সরকারি বাহিনী ছাড়া অন্য আর কারও সামরিক বিমান উড়ছেও না বলে জানিয়েছে তারা।

তিগ্রাইয়ের বাসিন্দাদেরকে সামরিক স্থাপনা থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে দেশটির কেন্দ্রীয় সরকার বলেছে, তিগ্রাই বাহিনীর ওপর হামলা চালানোই তাদের লক্ষ্য।

আইদার হাসপাতালের প্রধান নির্বাহী কিবরম গেব্রেসেলাসি এক টুইটে প্রথমে জানান, তার হাসপাতালে দুই অপ্রাপ্তবয়স্কসহ ৪ নিহতের মরদেহ এসেছে।

‘শিশুদের খেলার মাঠে’ হওয়া হামলায় আহত আরও ৯ জনকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

তবে রয়টার্স তার এ ভাষ্যের সত্যতা যাচাই করতে পারেনি। যেখানে হামলা হয়েছে তার আশপাশে কোনো সামরিক স্থাপনা ছিল কিনা, তাও স্পষ্ট হওয়া যায়নি।

আইদার হাসপাতালের সার্জন ফাসিকা আমদেসলাসি পরে রয়টার্সকে জানান, এক মা ও তার এক সন্তানসহ আরও তিন নিহতের মরদেহ মেকেলে হাসপাতালে নেওয়া হয়েছে বলে সেখানকার এক সহকর্মী তাকে জানিয়েছেন।

আর আইদার হাসপাতালে আগেই যে ৪ মরদেহ এসেছে, তার মধ্যে দুই নারী, এক কিশোর বয়সী এবং প্রায় ১০ বছর বয়সী এক ছেলে আছে বলে নিশ্চিত করেছেন তিনি।

“তাদের দেহ টুকরো টুকরো হয়ে গেছে। আমি নিজে তাদের মরদেহ দেখেছি,” রয়টার্সকে বলেছেন ফাসিকা।

কেন্দ্রীয় সরকারের মুখপাত্র লেগেসি টুলু বলেছেন, বেসামরিক হতাহতের খবর ‘মিথ্যা ও সাজানো নাটক’।

বেসামরিক স্থাপনায় হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “কেবল সামরিক স্থাপনাতেই হামলাগুলো চালানো হচ্ছে।”

ফাসিকা জানান, তিগ্রাইয়ে চিকিৎসা সরঞ্জাম প্রবেশে বিধিনিষেধের কারণে তাদের হাসপাতালে অ্যান্টিবায়োটিক ও ব্যথানাশকসহ জরুরি অনেক ওষুধেরই ঘাটতি সৃষ্টি হয়েছে।

এ ঘাটতির বিষয়ে রয়টার্স ইথিওপিয়ার স্বাস্থ্যমন্ত্রী লিয়া তাডেসের মন্তব্য চাইলেও তাৎক্ষণিকভাবে তার সাড়া মেলেনি।

শুক্রবার মেকেলেতে বিস্ফোরণ ও বিমানবিধ্বংসী গোলা ছোড়ার শব্দ শোনার কথা জানিয়েছে একটি ত্রাণ সংস্থার একজন কর্মকর্তা।

ইথিওপিয়ার সরকারের বিমান হামলায় অতীতেও বেসামরিক নিহতের ঘটনা ঘটেছে, তদন্ত কর্মকর্তাদের ভাষ্যে এমন তথ্য উঠে এসেছিল।

জানুয়ারিতে ডেডেবিটে উদ্বাস্তুদের ক্যাম্পে সরকারি বাহিনীর এক ড্রোন হামলায় ৫৬ জন নিহত ও শিশুসহ ৩০ জন আহত হয়েছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ প্রসঙ্গে মন্তব্য চাইলেও সরকারের দিক থেকে সাড়া পাওয়া যায়নি।

২০২০ সালের নভেম্বরে তিগ্রাইতে সরকারি বাহিনী ও স্থানীয় বাহিনীর মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার পর তা পার্শ্ববর্তী আফার ও আমহারায়ও ছড়িয়ে পড়ে।

গত বছরের নভেম্বরে তিগ্রাই বাহিনী আদ্দিস আবাবার দিকে অগ্রসর হওয়া শুরু করেছিল, পরে সরকারি বাহিনীর পাল্টা আক্রমণের মুখে পিছু হটে তারা।

চলতি বছরের মার্চে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং ইথিওপিয়ার কেন্দ্রীয় সরকর তিগ্রাইতে জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা পাঠানোর অনুমতি দেয়। এ যুদ্ধবিরতিই চলতি সপ্তাহে ভেঙে পড়েছে। এর জন্য দুই পক্ষই একে অপরকে দায়ী করছে।