নিলামে কেনা স্যুটকেসে মিলল মানুষের দেহাবশেষ
অকল্যান্ডের এক নিলাম থেকে কেনা স্যুটকেসে মানুষের দেহাবশেষ লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে।
নিউজিল্যান্ডে এক পরিবার নিলাম থেকে স্যুটকেস কিনে সেটির ভেতর দেহাবশেষ পাওয়ার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
অকল্যান্ড নগরীর দক্ষিণাঞ্চলে ওই পরিবারের বাস। নিলামে স্যুটকেস কেনার পর বাসায় গিয়ে সেটি খুলে তারা দেহাবশেষ দেখতে পায়।
নিউজিল্যান্ডের পুলিশ কর্তৃপক্ষ বিষয়টি জানার পর নরহত্যার তদন্ত শুরুর পাশাপাশি দেহাবশেষ শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
হত্যাকাণ্ডের সঙ্গে ওই পরিবার জড়িত না বলেই ধারণা করছে পুলিশ। পরিবারটি গত বৃহস্পতিবার স্থানীয় একটি গুদামে গিয়ে জিনিস কিনে ট্রাক ভর্তি করে বাড়ি নিয়ে যায়। ওইসব জিনিসের মধ্যেই ছিল সেই স্যুটকেস।
স্থানীয় পুলিশ কর্মকর্তা তোফিলাউ ফামানুইয়া ভায়েলুয়া বলেছেন, মৃতের পরিচয় নিশ্চিত করাই এখন পুলিশের অগ্রাধিকার, যাতে এ হত্যাকাণ্ডের নেপথ্যের ঘটনা সম্পর্কে জানা যায়।
এ ঘটনায় আপাতত আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও আশ্বস্ত করেছেন তিনি।
