২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেরলুসকোনি ছিলেন ‘সত্যিকারের বন্ধু’: পুতিন

বেরলুসকোনি এবং পুতিন বহু বছর ধরেই একে অপরের বন্ধু ছিলেন। অনেক অনুষ্ঠানেই একসঙ্গে দুইজনের ছবিও আছে।

বেরলুসকোনি ছিলেন ‘সত্যিকারের বন্ধু’: পুতিন

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2023, 05:59 PM

Updated : 12 Jun 2023, 06:01 PM

ইতালির ধনকুবের ব্যবসায়ী, সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির মৃত্যুতে তাকে একজন ‘প্রিয় ব্যক্তিত্ব’ এবং ‘সত্যিকারের বন্ধু’ সম্বোধন করে সপ্রশংস শ্রদ্ধা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ক্রেমলিন একথা জানিয়েছে। বিবিসি জানায়, বেরলুসকোনি এবং পুতিন বহু বছর ধরেই একে অপরের বন্ধু ছিলেন। অনেক অনুষ্ঠানেই একসঙ্গে দুইজনের ছবিও আছে।

৮৬ বছর বয়সী বেরলুসকোনি ‘কিছুদিন ধরে’ লিউকেমিয়ায় ভুগছিলেন এবং সম্প্রতি তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছিল।

ইতালির উত্তরাঞ্চলীয় মিলান শহরের সান রাফায়েলে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এখানেই সোমবার তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন লিখেছেন, বেরলুসকোনি “সত্যিকারের একজন বন্ধু ছিলেন।”

পুতিন বলেন, “আমার কাছে, সিলভিও বেরলুসকোনি ছিলেন একজন প্রিয় ব্যক্তিত্ব। একজন সত্যিকারের বন্ধু। আমি সবসময়ই এমনকী সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও আন্তরিকভাবে তার বিচক্ষণতা, ভারসাম্যপূর্ণ এবং দূরদর্শী সিদ্ধান্তের প্রশংসা করেছি।”

বেরলুসকোনি ইতালির বৃহত্তম গণমাধ্যম কোম্পানির প্রতিষ্ঠাতা। ১৯৯০ এর দশকে তিনি ইতালির রাজনীতিতে যোগ দিয়ে কিছুদিনের মধ্যেই অত্যন্ত প্রভাবশালী নেতায় পরিণত হন এবং পরে চারবার প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেন।

বেরলুসকোনি ১৯৯৪ সালে প্রথম ইতালির প্রধানমন্ত্রী হন। এরপর ২০১১ সাল পর্যন্ত দেশটির চারটি সরকারের নেতৃত্ব দেন তিনি।