Published : 09 Feb 2026, 04:30 PM
লেবাননের দ্বিতীয় বৃহত্তম শহর ত্রিপোলিতে সংলগ্ন দুটি আবাসিক ভবন ধসে পড়ার পর তল্লাশি ও উদ্ধার অভিযান শেষে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে।
সোমবার লেবাননের দমকল বাহিনীর প্রধানকে উদ্ধৃত করে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে।
দমকল বাহিনীর মহাপরিচালক ইমাদ খ্রেইস জানান, ত্রিপোলির বাব আত-তাব্বানেহ এলাকার ধসে পড়া ভবন দুটির ধ্বংসাবেশে তল্লাশি চালিয়ে উদ্ধারকারী দল ১৪টি মৃতদেহ খুঁজে পেয়েছে আর আটজনকে জীবিত উদ্ধার করেছে।
রোববার কর্মকর্তারা জানিয়েছিলেন, দুটি সংলগ্ন ভবন ধসে পড়েছে।
দমকল বাহিনীর উদ্ধারকারী পরিষেবার প্রধান জানিয়েছেন, ওই দুই ভবনে ২২ জন বাসিন্দা বসবাস করতেন।
ত্রিপোলি নগর কর্তৃপক্ষের প্রধান আব্দুল হামিদ কারামেহ জানিয়েছেন, কতোজন নিখোঁজ রয়েছেন তা নিশ্চিত করে বলতে পারছেন না তিনি।
রয়টার্স দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে, রাজধানী বৈরুত থেকে ৮৫ কিলোমিটার উত্তরে ভূমধ্যসাগর তীরবর্তী বন্দর শহর ত্রিপোলিতে সম্প্রতি অনেকগুলো পুরনো ভবন ধসে পড়েছে। এতে নগরীটির অবনতিশীল অবকাঠামো ও বছরের পর বছর ধরে চলা অবহেলার চিত্র প্রকট হচ্ছে।