২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলারুশ সীমান্তে শক্তি বাড়াতে ২ হাজার সেনা পাঠাচ্ছে পোল্যান্ড

পোল্যান্ড-বেলারুশ বর্তমান উত্তেজনার অন্যতম কারণ বেলারুশে রাশিয়ার ভাড়াটে সেনাদের দল ওয়াগানার গ্রুপের উপস্থিতি।

বেলারুশ সীমান্তে শক্তি বাড়াতে ২ হাজার সেনা পাঠাচ্ছে পোল্যান্ড

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

Published : 09 Aug 2023, 08:55 PM

Updated : 09 Aug 2023, 09:30 PM

বেলারুশের সঙ্গে সীমান্তে ২,০০০ সেনা পাঠাচ্ছে পোল্যান্ড। অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং স্থিতিশীলতা রক্ষায় সীমান্তরক্ষীরা যত সেনা পাঠানোর অনুরোধ করেছিল তার দ্বিগুণ সংখ্যক সেনা পাঠানো হচ্ছে।

দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্র-পরিচালিত সংবাদ সংস্থা পিএপি-কে বুধবার একথা বলেছেন।

পোল্যান্ড-বেলারুশ বর্তমান উত্তেজনার অন্যতম কারণ বেলারুশে রাশিয়ার ভাড়াটে সেনাদের দল ওয়াগানার গ্রুপের উপস্থিতি।

রাশিয়ার প্রতিরক্ষা নেতৃত্বের বিরুদ্ধে দেড় দিনের এক বিদ্রোহের জেরে ইয়েভগেনি প্রিগোজিনের ওয়াগনার বাহিনীকে দেশ থেকে বিতাড়িত করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বেলারুশে ওয়াগানার বাহিনীর উপস্থিতি পোল্যান্ড সরকারের ঘুম কেড়ে নিয়েছে। তার উপর বেলারুশ এ সপ্তাহে সীমান্তের কাছে সামরিক মহড়া শুরু করেছে। যদিও বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো কয়েকবারই বলেছেন, পোল্যান্ড আক্রমণ করতে ইচ্ছুক ওয়াগনার যোদ্ধাদের ঠেকিয়ে রাখছেন তিনি।

সম্প্রতি কয়েকমাসে পোল্যান্ড তাদের সীমান্তে মূলত মধ্যপ্রাচ্য এবং আফ্রিকান অভিবাসনপ্রত্যাশীদের সীমান্ত পার হওয়ার চেষ্টা করতেও দেখেছে। গত দুই বছরে পোল্যান্ড বেলারুশের বিরুদ্ধে গরিব দেশগুলোতে শরণার্থী নেওয়া এবং পরিস্থিতি অস্থিতিশীল করে তুলতে তাদেরকে অবৈধভাবে সীমান্তে পাঠানোর অভিযোগ করেছে।

পোল্যান্ডের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাসিজ ওয়াসিক পিএপি সংবাদ সংস্থাকে বলেন, “এক হাজার নয়, ২ হাজার সেনা পাঠানো হবে। নিরাপত্তা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন।”

ওয়াসিক জানান, গত সোমবার পোল্যান্ডের সীমান্তরক্ষীরা ওই অঞ্চলে ১ হাজার বাড়তি সেনা পাঠানোর অনুরোধ জানিয়েছিল। তিনি বলেন, বেলারুশ কর্তৃপক্ষ এখন অভিবাসনপ্রত্যাশীদের পোল্যান্ডে ঢোকার সবরকম চেষ্টা সংগঠিত করছে।

পোল্যান্ডের এই অভিযোগের বিষয়ে ওয়ারশ’তে বেলারুশের দূতাবাস কোনও মন্তব্য করেনি।