২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ৩৬ দেশের জন্য যুক্তরাষ্ট্রের দ্বার বন্ধের ভাবনা ট্রাম্পের

ট্রাম্প প্রশাসন এ মাসের শুরুতেই ১২ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল। আংশিক নিষেধাজ্ঞা ছিল আরও ৭ দেশের ওপর। এবার দীর্ঘ হতে পারে সে তালিকা।

আরও ৩৬ দেশের জন্য যুক্তরাষ্ট্রের দ্বার বন্ধের ভাবনা ট্রাম্পের
মার্কো রুবিও ও ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2025, 10:26 PM

Updated : 26 Aug 2026, 01:12 PM

আরও ৩৬ দেশের নগরিকদের জন্য দ্বার বন্ধ করতে পারে যুক্তরাষ্ট্র। তেমনই চিন্তা-ভাবনা করছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তরের একটি মেমোর তথ্য তুলে ধরে এ খবর জানিয়েছে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ পত্রিকা। মেমোটি শনিবার সই করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

ট্রাম্প প্রশাসন এমাসের শুরুতেই ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। আংশিক নিষেধাজ্ঞা দেওয়া হয় আরও ৭ দেশের ওপর। এবার সেই তালিকা দীর্ঘ হতে পারে।

নতুন যে দেশগুলোর নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রের ভিসায় কড়াকড়ি, ভ্রমণ নিষেধাজ্ঞা কিংবা অন্যান্য বিধিনিষেধ চাপতে পারে সে- তালিকার মধ্যে আছে আফ্রিকার ২৫ টি দেশ।

আরও আছে যুক্তরাষ্ট্রে মিত্রদেশ হিসাবে পরিচিত মিশর ও জিবুতিও। এছাড়া, এশিয়া, ওশেনিয়া এবং ক্যারিবীয় কিছু দেশও আছে এই তালিকায়।

এই দেশগুলোর নাগরিকরা প্রায়ই যুক্তরাষ্ট্রে প্রবেশ করে অবৈধ ভাবে সেখানে থেকে যান বলে অভিযোগ ট্রাম্প প্রশাসনের।

দেশগুলোর রাষ্ট্রদূতদের কাছে শনিবারেই মার্কিন পররাষ্ট্রদপ্তরের মেমোটি পাঠানো হয়েছে। দেশগুলোকে ৬০ দিন সময় দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে তাদেরকে যুক্তরাষ্ট্রের দেওয়া শর্ত এবং মানদণ্ড পূরণ করতে হবে।

আগামী বুধবার সকালের মধ্যেই দেশগুলোকে এ বিষয়ে তাদের পরিকল্পনা বা পদক্ষেপের কথা জানাতে হবে মার্কিন পররাষ্ট্রদপ্তরকে।

যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য যে ‘মানদণ্ড’ থাকা প্রয়োজন নিষেধাজ্ঞার তালিকায় থাকা অনেক দেশই তা মানতে ব্যর্থ বলে অভিযোগ ট্রাম্প প্রশাসনের।

বলা হচ্ছে, বেশ কয়েকটি দেশের নাগরিকদেরকে বৈধ পরিচয়পত্র দেওয়ার মতো কোনও কেন্দ্রীয় সরকার নেই। আবার অনেক দেশের নাগরিকরা ভিসার শর্ত ভঙ্গ করে।

মেমোয় নাম থাকা দেশগুলো হল— অ্যাঙ্গোলা, বেনিন, বুরকিনা ফাসো, কাবো ভার্দ, ক্যামেরুন, অ্যান্টিগুয়া, বারবুডা, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো,

জিবুতি, ডোমিনিকা, ইথিওপিয়া, ভূটান, কিরগিজস্তান, মিশর, সিরিয়া, গাবন, গাম্বিয়া, ঘানা, আইভরি কোস্ট, লাইবেরিয়া, মালাওয়ি, মৌরিতানিয়া, নাইজার, নাইজেরিয়া,

সেন্ট কিটস, নেভিস, সেন্ট লুসিয়া, সাও টম, প্রিন্সিপ, সেনেগাল, সাউথ সুদান, সিরিয়া, তানজানিয়া, টোঙ্গা, টুভালু, উগান্ডা, ভানুয়াতু, জাম্বিয়া, জিম্বাবুয়ে।

যে দেশগুলোর ওপর বিধিনিষেধ আরোপ করা হবে তাদেরকে ট্রাম্প প্রশাসনের শর্ত মেনে নেওয়ার জন্য যে সময়সীমা বেঁধে দেওয়া আছে, তা পেরিয়ে গেলে তাদের ওপর কবে থেকে এই বিধিনিষেধ কার্যকর হবে তা স্পষ্ট নয়।