২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনে জয় অনিবার্য: রুশ প্রতিরক্ষামন্ত্রী

ইউক্রেইনে ১০ মাসের যুদ্ধে রুশ সেনাবাহিনীর ব্যর্থতার জন্য রাশিয়ার যুদ্ধবাজদের ঘোর সমালোচনার মুখে আছেন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।

ইউক্রেইনে জয় অনিবার্য: রুশ প্রতিরক্ষামন্ত্রী

 ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 01 Jan 2023, 10:45 PM

Updated : 01 Jan 2023, 10:45 PM

নতুন বছরে এক ভিডিও বার্তায় রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, ইউক্রেইনের বিরুদ্ধে রাশিয়ার জয় অনিবার্য। রাশিয়ার সেনাদের বীরত্বেরও প্রশংসা করেছেন তিনি।

ইউক্রেইনে ১০ মাসের যুদ্ধে রুশ সেনাবাহিনীর ব্যর্থতার জন্য রাশিয়ার যুদ্ধবাজদের ঘোর সমালোচনার মুখে আছেন সের্গেই শোইগু।

তিনি রণক্ষেত্রের পরিস্থিতি ‘কঠিন’ বলে বর্ণনা করেছেন এবং রাশিয়াকে ঠেকিয়ে রাখার চেষ্টার জন্য ইউক্রেইন ও পশ্চিমাদের দোষরারোপ করেছেন।

রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, “আমাদের সামনে নতুন বছর এসে হাজির হয়েছে এক কঠিন সামরিক-রাজনৈতিক পরিস্থিতিতে।”

“এমন একটি সময়ে যখন অনেকে আমাদের গৌরবান্বিত ইতিহাস ও বড় অর্জন মুছে দিতে চাইছে, ফ্যাসিবাদের ওপর জয়ের স্তম্ভ গুঁড়িয়ে দিতে চাইছে, যুদ্ধাপরাধীদের স্তম্ভমূলে বসাচ্ছে। রাশিয়ান সবকিছুকে অবমানিত এবং বাতিল করে দিতে চাইছে।”

১ হাজার কিলোমিটার সম্মুখভাগে রক্তাক্ত যুদ্ধ চলছে। যুদ্ধের প্রথম মাস থেকে শুরু করে এখন পর্যন্ত রাশিয়া কোনও ভূখণ্ড লাভ করতে পারেনি।

কিন্তু “জয়, নতুন বছরের মতোই অনিবার্য” রুশ সেনাদের উদ্দেশে বলেন শোইগু। ইউক্রেইনীয় সেনাদের নব্য-নাৎসি এবং সন্ত্রাসী উল্লেখ করে তিনি রাশিয়ার সেনাদের বীরত্ব ও সাহসিকতার প্রশংসা করেন।