গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে ফ্লোরিডায় ট্রাম্প–নেতানিয়াহু বৈঠক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর এই বৈঠককে গাজায় যুদ্ধবিরতি পরবর্তী ধাপে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ মোড় হিসেবেই দেখা হচ্ছে।
গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র সফর করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ফ্লোরিডায় মার-আ-লাগো রিসোর্টে সোমবারই দুই নেতার এই বৈঠক হওয়ার কথা রয়েছে। নেতানিয়াহু এ মাসেই বলেছেন যে, ট্রাম্প তাকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক বাহিনী মোতায়েন নিয়ে উদাসীন ইসরায়েলকে এসব পদক্ষেপ বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের চাপের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে।
নেতানিয়াহু গত ২২ ডিসেম্বরেই এই বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে বলেছিলেন যে, তারা গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ এবং ইরান ও লেবানন প্রসঙ্গ নিয়ে কথা বলবেন।
গাজা, ইরান এবং লেবানন তিন ক্ষেত্রেই ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি করিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে ইসরায়েল এই ভেবে উদ্বিগ্ন যে, যুদ্ধে দুর্বল হয়ে পড়া তাদের শত্রুরা আবার সুসংগঠিত হয়ে উঠছে।
গাজায় ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের যুদ্ধবিরতি হয়েছে গত অক্টোবরে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনুযায়ী এই যুদ্ধবিরতি হয়।
এই পরিকল্পনা অনুযায়ী, ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনা সরে যাওয়া, হামাসের নিরস্ত্র হওয়া এবং গাজায় একটি শাসনব্যবস্থা গড়ে তোলার কথা বলা আছে।
যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে ইসরায়েলের সেনা আংশিক প্রত্যাহার হয়েছে, গাজায় ত্রাণ সরবরাহ বেড়েছে এবং ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে হামাসের হাতে থাকা জিম্মিওে বিনিময় হয়েছে।
নেতানিয়াহুর পরিমন্ডলের এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ ইসরায়েলি জিম্মির দেহ ফেরত দেওয়ার মধ্য দিয়ে হামাস শেষ করুক, বৈঠকে এমন দাবি করবেন নেতানিয়াহু। তারপর তিনি পরবর্তী ধাপের পথে আগানোর কথা বলবেন।
এ বছর যুক্তরাষ্ট্রে এটি হবে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর পঞ্চম বৈঠক। ইসরায়েলের দৈনিক ইয়েদিওত আহরোনোথ জানায়, বৈঠকে গাজাসহ মধ্যপ্রাচ্যের স্পর্শকাতর বিষয়গুলো আলোচনায় স্থান পেতে পারে।
এর মধ্যে ইরান ছাড়াও রয়েছে ইসরায়েল–সিরিয়া সম্ভাব্য নিরাপত্তা চুক্তি এবং লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি পরিস্থিতি। ট্রাম্প ও নেতানিয়াহুর এই বৈঠককে গাজায় যুদ্ধবিরতি পরবর্তী ধাপে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ মোড় হিসেবেই দেখা হচ্ছে।
গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, ট্রাম্প প্রশাসনের শীর্ষ অগ্রাধিকার হল: গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ করা এবং দীর্ঘমেয়াদি শাসন, স্থিতিশীলতা ও পুনর্গঠনের পর্যায়ে যাওয়া।
তবে ইসরায়েল প্রতিনিয়তই গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে। সম্প্রতি এক হামলায় কমপক্ষে ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
