গণতন্ত্রপন্থি কর্মীকে হয়রানি, যুক্তরাষ্ট্রে এক চীনা শিক্ষার্থী অভিযুক্ত
গণতন্ত্রপন্থি কর্মসূচিতে অংশ নেওয়া এক চীনা শিক্ষার্থীকে হয়রানি করা এবং হুমকি দেওয়ায় গ্রেপ্তার হয়েছেন আরেক চীনা শিক্ষার্থী। তার বিরুদ্ধে আদালতে অভিযোগও আনা হয়েছে।
যুক্তরাষ্ট্রের বোস্টনে বার্কলি সঙ্গীত কলেজের এক চীনা শিক্ষার্থী ক্যাম্পাসের গণতন্ত্রপন্থি কর্মসূচিতে অংশ নেওয়া আরেক চীনা শিক্ষার্থীকে হয়রানি করা এবং হুমকি দেওয়ায় গ্রেপ্তার হয়েছেন এবং তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
বুধবার বোস্টনের ফেডারেল আদালতে সিয়াওলেই উ (২৫) নামের ওই সঙ্গীত শিক্ষার্থীর বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়। মার্কিন কৌঁসুলিরা বলছেন, উ গণতন্ত্রপন্থি শিক্ষার্থীকে হুমকি দিয়েছেন এবং চীন কর্তৃপক্ষের কাছে তার পরিবারের খবরাখবরও জানিয়ে দিয়েছেন।
গণতন্ত্রপন্থি ওই শিক্ষার্থী চীনে বৃহত্তর রাজনৈতিক স্বাধীনতার দাবিতে গত অক্টোবরে পোস্টার লাগানোর সময় সিয়াওলেই উ তাকে নিশানা করেন বলে অভিযোগ আছে। সেইসব পোস্টারে লেখা ছিল, ‘চীনা জনগণের পাশে দাঁড়ান’, ‘আমরা স্বাধীনতা চাই’, ‘আমরা গণতন্ত্র চাই’।
এর পরপরই উ ওই শিক্ষার্থীকে কলেজের উইচ্যাট গ্রুপে অনুসরণ করার চেষ্টা করেন। তিনি পোস্টারগুলো নামিয়ে ফেলার দাবি জানান এবং কথা না মানলে সহিংসতার হুমকি দেন।
বিবিসি জানায়, আদালতের নথি অনুযায়ী, সিয়াওলেই উ ওই গণতন্ত্রপন্থি নারী শিক্ষার্থীকে ইন্সটাগ্রাম ও অন্যান্য প্লাটফর্মে এমনও বার্তা পাঠিয়েছিলেন যে, “আরও পোস্ট কর। আমি তোমার বাস্টার্ড হাত কেটে ফেলব।”
উ ওই শিক্ষার্থীর গণতন্ত্রপন্থি প্রচারণার কথা চীনকে জানানোর পশাপাশি উইচ্যাট গ্রুপ থেকে তার বাড়ির ঠিকানা খুঁজে ইমেইল অ্যাড্রেসও পোস্ট করেছিলেন; যাতে অন্যরা গণতন্ত্রপন্থি এই কর্মীকে উত্তক্ত করতে পারে এবং চীন কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করতে পারে।
চীন কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে জানার পর দেশটির জননিরাপত্তা সংস্থা গণতন্ত্রপন্থি শিক্ষার্থীটির পরিবারের সঙ্গে দেখা করবে বলে জানিয়েছেন মার্কিন কৌসুলিরা।
যুক্তরাষ্ট্রের বিচারবিভাগ বলছে, “চীনা শাসনের বিরুদ্ধে ভিন্নমতের প্রকাশ ঘটানো একজন গণতন্ত্রপন্থি কর্মীকে চুপ করিয়ে দেওয়া এবং ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছেন উ।”
মার্কিন অ্যাটর্নি র্যাচেল রোলিন্স বলেছেন, “বাক স্বাধীনতা যুক্তরাষ্ট্রে সাংবিধানিক অধিকার এবং আমরা এ অধিকার যে কোনও মূল্যে রক্ষা করব এবং সুরক্ষিত রাখব।”
