২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেটো সম্মেলনে কী পেলেন জেলেনস্কি? কেবলই মিষ্টি কথা?

রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষেই নেটোতে যোগ দিতে পারবেন, সামরিক জোটটির সম্মেলনে এমন আশ্বাস আশা করেছিলেন ইউক্রেইনের প্রেসিডেন্ট।

নেটো সম্মেলনে কী পেলেন জেলেনস্কি? কেবলই মিষ্টি কথা?

লিথুয়ানিয়ায় নেটো সম্মেলনে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2023, 04:25 PM

Updated : 13 Jul 2023, 04:48 PM

ভলোদিমির জেলেনস্কি ইংলিশ রক ব্যান্ড রোলিং স্টোনের ভক্ত হতে পারেন, নাও পারেন। তবে এবারের নেটো সম্মেলনের পর তিনি সম্ভবত ব্যান্ডটির ‘ইউ কান্ট অলওয়েজ গেট হোয়াট ইউ ওয়ান্ট’ শিরোনামের গানের সঙ্গে নিজেকে মেলাতে পারছেন।

বিবিসি লিখেছে, লিথুয়ানিয়ার ভিলনিয়াসে এবারের নেটো সম্মেলনে প্রবল উচ্চাশা নিয়ে এসেছিলেন ইউক্রেইনের এই প্রেসিডেন্ট। দুইদিনের এই সম্মেলন থেকে তিনি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষেই নেটোতে যোগ দিতে পারবেন এমন আশ্বাস নিয়ে যেতে চেয়েছিলেন।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোটের সদস্যপদ তিনি চাইছেন মূলত তার দেশের জনগণকে আশার আলো দেখাতে, রুশ বাহিনী আর কখনো ইউক্রেইনে আক্রমণ করার সাহস দেখাবে না- এমন পরিস্থিতি তৈরি করতে।

কিন্তু তা হয়নি। উল্টো তাকে বলা হচ্ছিল, ইউক্রেইনকে তখনই সদস্যপদের আমন্ত্রণ দেওয়া হবে, যখন ‘মিত্ররা একমত হবে এবং সব শর্ত পূরণ হবে’। অর্থাৎ, কোনো আশ্বাস নয়।

স্বাভাবিকভাবেই ইউক্রেইনের প্রেসিডেন্টের মেজাজ সপ্তমে চড়ে গিয়েছিল। ইউক্রেইনকে নেটোতে নিতে জোটের নেতারা যে কোনো সময়সীমাও ঘোষণা করেননি, সেটিকে ‘হাস্যকর’ আর জোটের সদস্য হওয়ার শর্তকে ‘অস্পষ্ট’বলে অভিহিত করেছিলেন তিনি।

নেটোতে ইউক্রেইনের সদস্যপদ ইস্যুকে যুদ্ধপরবর্তী সময়ে রাশিয়ার সঙ্গে দরকষাকষির গুটি হিসেবে ব্যবহার করা হতে পারে, এমন ধারণা স্পষ্টতই তাকে ক্ষেপিয়ে তুলেছিল।

কিন্তু জেলেনস্কি যখন নেটো নেতাদের সঙ্গে মুখোমুখি বসলেন, সব কূটনৈতিক ধোঁয়াশা যেন কেটে গেল।

Image

লিথুয়ানিয়ায় নেটো সম্মেলনে অন্যান্য নেতাদের সঙ্গে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স

ইউক্রেইনকে নেটোতে যুক্ত করে নেওয়া হবে, নেতারা জোরের সঙ্গেই তাকে এই আশ্বাস দিয়েছেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ইউক্রেইন নেটো জোটে থাকার শক্তিশালী দাবিদার।

নেটোর মহাসচিব ইয়েলেন স্তলতেনবার্গও বুধবার বলেছেন, কিইভের জন্য ভবিষ্যতে মিত্ররা আরও কিছু করবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জেলেনস্কিকে আশ্বস্ত করেছেন। বলেছেন, ইউক্রেইনকে নেটোতে নেওয়া হবে। এজন্য দেশটি সঠিক পথেই অগ্রসর হচ্ছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, সম্মেলনে কোনো দেশই ইউক্রেইনের জোটে যুক্ত হওয়া নিয়ে প্রশ্ন তুলেনি, তাদের প্রশ্ন ছিল ‘কখন’ ইউক্রেইন যুক্ত হবে, তা নিয়ে।

এমন অনেক মিষ্টি কথা নিয়েই শেষ পর্যন্ত বাড়ি ফিরতে পেরেছেন জেলেনস্কি। সঙ্গে আরও কিছু অর্জন আছে তার। নেটোতে যুক্ত হওয়ার আবেদন প্রক্রিয়া সংক্ষিপ্ত করা হবে- এমন আশ্বাস; নতুন নেটো-ইউক্রেইন কাউন্সিল গঠন, যার মাধ্যমে যখন তখন কিইভ জোটের বৈঠক ডাকতে পারবে।

কিইভ এমনকী বিশ্বের একাধিক বড় পরাশক্তির কাছ থেকে নতুন, দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চয়তার প্রতিশ্রুতিও পেয়েছে।

শিল্পোন্নত দেশগুলোর জোট জি৭ এর নেতারা নেটোতে যোগ দেওয়ার আগ পর্যন্ত রাশিয়ার আগ্রাসন প্রতিহতে ইউক্রেইনকে সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা দিয়ে যেতে রাজি হয়েছেন।

এর অর্থ হচ্ছে- কিইভ সামনের দিনগুলোতে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এমনকী যুদ্ধবিমানও পেতে যাচ্ছে। সঙ্গে থাকছে আরও প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য বিনিময় এবং সাইবার প্রযুক্তিগত সহায়তা।

জেলেনস্কি এসবকে ‘গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিজয়’ বলে অভিহিত করছেন।

অবশ্য এতকিছুর সঙ্গে গলার কাঁটা হয়ে বিঁধে আছে বেন ওয়ালেসের অস্বস্তিকর এক মন্তব্য। সাংবাদিকদের দেওয়া ব্রিফিংয়ে করা ওই মন্তব্যে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন, ইউক্রেইনকে এখন পর্যন্ত যত সাহায্য দেওয়া হয়েছে, তার জন্য তাদের আরও কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ছিল।

Image

ছবি: রয়টার্স

এটা ঠিক কূটনৈতিক কোনো বার্তা নয়, বরং সাহায্যকারী এক মিত্রের খোলামেলা উপদেশ।

ওয়ালেস বলেছেন, ইউক্রেইনকে সামরিক সহযোগিতা করতে গিয়ে বিভিন্ন দেশ বিশেষ করে যুক্তরাষ্ট্রকে যে তুমুল রাজনৈতিক চাপের মুখে পড়তে হচ্ছে, সেটা কিইভের বোঝা উচিত।

“অস্ত্রের শপিং লিস্ট নিয়ে হাজির হয়ে, ওয়াশিংটনকে আমাজনের শাখা হিসেবে বিবেচনা করলে, তা যে নিশ্চিতভাবেই কিছু ক্ষোভ সৃষ্টি করে তা বোঝা উচিত তাদের,” বলেছেন তিনি।

এমন মন্তব্য যে ভিলনিয়াসে খানিকটা অস্বস্তি সৃষ্টি করবে, তা অনুমিতই ছিল। তাও এমন একটা সম্মেলনে, যেটা করাই হচ্ছিল নেটোর একতা দেখানোর উদ্দেশ্য নিয়ে।

ঋষি সুনাক পরে প্রকাশ্যেই তার প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য খারিজ করে দিয়েছেন। বলেছেন, ইউক্রেইন সবসময়ই কৃতজ্ঞতা প্রকাশ করে আসছে।

আর জেলেনস্কিকে যখন তার সংবাদ সম্মেলনে ওয়ালেসের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়, তখন ইউক্রেইনের প্রেসিডেন্টকে খানিকটা হতভম্ব দেখা গেছে, পরে তিনি তার প্রতিরক্ষামন্ত্রীকে ওয়ালেসের সঙ্গে কথা বলে তিনি কী বোঝাতে চেয়েছেন তা জানতে নির্দেশও দিয়েছেন।

এই ঘটনা লিথুয়ানিয়ার সম্মেলনকে ঘিরে এমন কিছু শিরোনামের জন্ম দিয়েছে, যার জন্য নেটো এবং ব্রিটিশ সরকারকে হয়তো পস্তাতেও হবে।

তবে সম্ভবত ওয়ালেস যুদ্ধের এই পর্যায়ে এসে অনিচ্ছাকৃতভাবেই এমন এক বিষয়ের ওপর আলো ফেলেছেন, যা নিয়ে কানাঘুষা কখনোই বন্ধ ছিল না।

বিবিসি লিখেছে, প্রায় বছর দেড়েক ধরে, ইউক্রেইন যা যা চাইছে, মোটামুটি তার সবই পূরণ করেছে পশ্চিমা সরকারগুলো। এরপরও কিইভকে অসন্তুষ্ট দেখা গেছে, তারা সবসময়ই আরও চেয়েছে এবং শেষ পর্যন্ত পশ্চিমা দেশগুলো তাদের দাবি মেনেও নিয়েছে। এসবের মধ্যে কাঁধ থেকে ছোড়া সক্ষম এমন ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে সাঁজোয়া যান, যুদ্ধ ট্যাংক, আর এখন দেওয়া গুচ্ছ (ক্লাস্টার) বোমা পর্যন্ত আছে।

কিন্তু ভিলনিয়াসে এসে দেখা গেল নেটো ইউক্রেইনকে না বলা শিখে গেছে। এবার যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন নেটো ইউক্রেইনের দাবি মেনে না নিয়ে জোটে দ্রুতগতিতে স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্তির ক্ষেত্রে কৌশলগত সতর্কতা অবলম্বনের পথ বেছে নিয়েছে।

এখান থেকে প্রেসিডেন্ট জেলেনস্কি সম্ভবত বুঝে নিতে পারেন যে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ এখন পশ্চিমা দেশগুলোকে কামড়ে ধরতে শুরু করেছে এবং এখন থেকে এই পরিস্থিতির মধ্যেই তাকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ চালাতে হবে। সঙ্গে আরেকটি শিক্ষা- আপনি যা চান, সবসময় তা পাবেন না। ‘ইউ কান্ট অলওয়েজ গেট হোয়াট ইউ ওয়ান্ট’।

আরও খবর:

পুরনো খবর:

‘তৃতীয় বিশ্বযুদ্ধ ঘনিয়ে আনছে’ ইউক্রেইনে নেটোর সামরিক সহযোগিতা