চীনে দোকানে অগ্নিকাণ্ডে নিহত ৩৯
কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে দেখতে বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
চীনের সিনইউ নগরীতে একটি দোকানে আগুন লেগে অন্তত ৩৯ জন নিহত এবং আরো নয়জন আহত হয়েছেন।
বিবিসি জানায়, বুধবার স্থানীয় সময় বিকালে জিয়াংজি প্রদেশের সিনইউ নগরীর ওই দোকানটিতে আগুন লাগে। আগুনের সূত্রপাত হয় বেজমেন্ট থেকে।
চীনের রাষ্ট্র সমর্থিত গ্লোবাল টাইমস ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে ভবনের ভেতর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে এবং লোকজনকে জানালা দিয়ে লাফ দিতে দেখা যায়। বিবিসি অবশ্য স্বাধীনভাবে ওই ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করতে পারেনি।
কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে দেখতে বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
বুধবারের এ ঘটনার মাত্র কয়েক দিন আগে চীনের মধ্যাঞ্চলের হেনান প্রদেশে একটি স্কুলের ডরমিটরিতে আগুন লেগে ১৩ শিশু মারা যায়। পরে স্কুলের সাত কর্মীকে অবহেলার দায়ে গ্রেপ্তার করা হয়।
