২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার চীনের পরমাণু ইউনিটের প্রধানকে সরিয়ে দিলেন শি

এলিট পরমাণু ইউনিটের প্রধান জেনারেল লি ইউচাও এবং তার উপপ্রধান কর্মকর্তাকে গত কয়েকমাস জনসম্মুখে দেখা যায়নি। তাদের অবস্থান এখনও অজানা।

এবার চীনের পরমাণু ইউনিটের প্রধানকে সরিয়ে দিলেন শি

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2023, 09:25 PM

Updated : 01 Aug 2023, 09:25 PM

পররাষ্ট্রমন্ত্রীর পর এবার চীনের পরমাণু অস্ত্রভাণ্ডার ব্যবস্থাপনার দায়িত্বে থাকা এলিট বাহিনীর প্রধান জেনারেল লি ইউচাও ও তার উপপ্রধানকে সরিয়ে দিলেন প্রেসিডেন্ট শি জিনপিং।

চীনে রাষ্ট্র পরিচালনা ব্যবস্থায় একচ্ছত্র ক্ষমতার অধিকারী শি এর প্রতি নিরঙ্কুশ আনুগত্যে তবে কী চিড় ধরতে শুরু করেছে? যে চিড় মেরামত করতে তিনি এভাবে ক্ষমতাধর পদগুলোতে রদবদল করছেন?

বিবিসি জানায়, চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) রকেট ফোর্স ইউনিটের প্রধান জেনারেল লি এবং তার উপ-প্রধান গত কয়েক মাস ধরে ‘নিখোঁজ’। এ সময়ে তাদের অবস্থান সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। যেমনটা ‘লোকচক্ষুর অন্তরালে’ আছেন সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং।

গত সপ্তাহে চীনের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে কিন গ্যাংকে সরিয়ে দেওয়া হয়। এক মাসের বেশি সময় ধরে তাকে জনসম্মুখে দেখা যাচ্ছে না।

লি ও তার উপপ্রধানের জায়গায় নৌবাহিনীর সাবেক উপ-প্রধান ওয়াং হুবিন এবং দলের সেন্ট্রাল কমিটির সদস্য শু শিশেংকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানায় বিবিসি।

গত এক দশকের মধ্যে এটিই চীনের সেনা নেতৃত্বে আগাম কোনও পরিকল্পনা ছাড়াই সবচেয়ে বড় পরিবর্তনের ঘটনা।

এ বিষয়ে দ্য এশিয়া সোসাইটি পলিসি ইন্সটিটিউটের ফরেন পলিসি অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি ফেলো লাইল মরিসন বলেন, “সর্বশেষ এই বিশুদ্ধিকরণ বেশ তাৎপর্যপূর্ণ…যেহেতু চীন কয়েক দশকের মধ্যে পারমাণবিক কৌশলের সবচেয়ে গভীর পরিবর্তনগুলির একটি গ্রহণ করছে..

“প্রেসিডেন্ট শি নজিরবিহীন উপায়ে পিএলএ এর উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন, তবে এটাই তার কাছে সব কিছু করে ফেলা নয়। এখনও তিনি সেনাবাহিনীর মধ্যে দুর্নীতি নিয়ে উদ্বিগ্ন এবং এটা তার দলের প্রতি নিরঙ্কুশ আনুগত্য এখনও অর্জিত না হওয়ারও ইঙ্গিত।”

শি শুধু চীনের প্রেসিডেন্টই নন বরং তিনি চীনের সেনাবাহিনীরও প্রধান নির্দেশদাতা, দ্য সেন্ট্রাল মিলিটারি কমিশন।

জেনারেল লি এবং তার ডেপুটি জেনারেল লিউ গুয়াংবিন কে পদচ্যুত করার ঘোষণা এলেও তাদের বর্তমান অবস্থান সম্পর্কে বেইজিংয়ের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

তবে গত সপ্তাহে সাউথ চায়না মর্নিং পোস্টে নাম প্রকাশে অনিচ্ছুক দুই সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই ইঙ্গিত দেয়া হয় যে, জেনারেল লি এবং তার ডেপুটি, একইসঙ্গে তার সাবেক আরেক ডেপুটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সেনা তদন্ত চলছে।

১ অগাস্ট চীনের সেনাবাহিনীর ৯৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। এর একদিন আগে ওয়াং হুবিন ও শু শিশেংকে নতুন পদে দায়িত্ব দেওয়ার ঘোষণা এল। এর ফলে তারা দুজনই লেফটেন্যান্ট জেনারেল পদ থেকে জেনারেল হিসেবে পদোন্নতি পেয়েছেন। চীনের সামরিক বাহিনীর সর্বোচ্চ পদ এটি।