গঙ্গার নিচ দিয়ে পাড়ি দিল কলকাতা মেট্রো রেল
গঙ্গা নদীর নীচ দিয়ে সুড়ঙ্গ পথে আরও সাত মাস ট্রায়াল রান চলবে। ট্রায়াল শেষের পর যাত্রীদের জন্য এ পথে মেট্রো চলাচল শুরু হবে।
ভারতে পশ্চিমবঙ্গের কলকাতায় মেট্রোরেলের ইতিহাসের নতুন দিনের সূচনা করে প্রথমবারের মতো গঙ্গা নদীর তলদেশ দিয়ে তৈরি সুড়ঙ্গের মধ্য দিয়ে পাড়ি দিল মেট্রোরেক।
এনডিটিভি জানায়, বুধবার দুটো মেট্রোরেক মহাকরণ থেকে পৌঁছেছে হাওড়া ময়দান স্টেশনে। দুপুর ১২ টার দিকে গঙ্গার নীচ দিয়ে প্রথম গড়ায় কলকাতা মেট্রো রেকের চাকা।
প্রথম মেট্রোটিতে যাত্রা করেন মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। এরপর দ্বিতীয় রেকটিও একইভাবে সুড়ঙ্গপথে গঙ্গার নীচ দিয়ে হাওড়া ময়দানে পৌঁছায়।
এর মধ্য দিয়ে বহু প্রতীক্ষীত এ সুড়ঙ্গ পথে মেট্রোর পরীক্ষামূলক প্রস্তুতি পর্ব সম্পন্ন হল। আর কেবলমাত্র সেতু নয়, সুড়ঙ্গপথেও এবার জুড়ে গেল কলকাতা আর হাওড়া।
ঊর্ধ্বতন এক কর্মকর্তা মেট্রোরেকের এই যাত্রাকে কলকাতার মানুষদের জন্য আধুনিক পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে যুগান্তকরী পদক্ষেপ বলে বর্ণনা করেছেন।
মেট্রোর জেনারেল ম্যানেজারও এ যাত্রাকে ‘ঐতিহাসিক ঘটনা’ বর্ণনা করে বলেছেন, গঙ্গার নীচ দিয়ে এই সুড়ঙ্গ পথে আরও সাত মাস ট্রায়াল রান চলবে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত এই ট্রায়াল চালানো হবে। ট্রায়াল রান শেষ হওয়ার পর যাত্রীদের জন্য এ পথে মেট্রো চলাচল শুরু হবে।
এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পথটি ৪ দশমিক ৮ কিলোমিটারের। চলতি বছর শেষেই এ পথে যাত্রীবাহী মেট্রো চলাচল শুরু করা সম্ভব হবে বলে আশাবাদী মেট্রো কর্মকর্তারা।
মেট্রো চলাচল শুরু হলে হাওড়া ময়দান স্টেশনটিই হবে ভারতের সবচেয়ে গভীরতম মেট্রো স্টেশন। যেখানে মেট্রো ছুটবে পানির ৩৩ মিটার নীচ দিয়ে। হুগলি নদীর নীচে ৫২০ মিটার প্রশস্ত জায়গা দিয়ে ৪৫ সেকেন্ডে মেট্রো এ পথ পাড়ি দেবে।
