নতুন শিল্প ধ্বংস করে চীনা আমদানি মেনে নেবে না যুক্তরাষ্ট্র: ইয়েলেন
চীনা আমদানি পণ্যের ধাক্কায় অতীতের মতো যুক্তরাষ্ট্রের শিল্প ধ্বংসের পুনরাবৃত্তি মার্কিন প্রেসিডেন্ট আর ঘটতে দেবেন না- চীন সফর শেষে বলেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী।
মার্কিন অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন সোমবার চীনকে সতর্ক করে বলেছেন, চীনা আমদানির কারণে যুক্তরাষ্ট্রের নতুন শিল্প ধ্বংস মেনে নিতে পারবে না ওয়াশিংটন।
চীনের অতিরিক্ত উৎপাদন ক্ষমতার লাগাম টেনে ধরার বিষয়টি তুলে ধরতে ইয়েলেন বেইজিংয়ে তার চারদিনের সফর শেষে একথা বলেছেন।
এক সংবাদ সম্মেলনে ইয়েলেন বলেন, ২০০০-এর দশকের শুরুতে চীনের আমদানি পণ্যের ধাক্কায় ধ্বংস হয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্রের উৎপাদন সংশ্লিষ্ট প্রায় ২০ লাখ কর্মসংস্থান। সে ঘটনার পুনরাবৃত্তি আর ঘটতে দেবেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
তবে বৈদ্যুতিক যানবাহন, ব্যাটারি, সৌর প্যানেল এবং অন্যান্য সবুজ শক্তির পণ্যগুলোতে চীন বড় ধরনের রাষ্ট্রীয় সহায়তা বজায় রাখলে বেইজিংয়ের ওপর নতুন করে শুল্ক বা অন্যান্য বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেননি ইয়েলেন।
গত নয় মাসের মধ্যে রোববার দ্বিতীয়বারের মতো চীন সফর করেছেন জেনেট ইয়েলেন। সফরকালে তিনি অভিযোগ করেন, চীনের অত্যধিক বিনিয়োগের ফলে কারখানাগুলোতে উৎপাদিত পণ্য দেশটির অভ্যন্তরীন চাহিদা মিটিয়েও বাড়তি থাকছে। এই বাড়তি পণ্য রপ্তানি দ্রুত বেড়ে যাওয়ার কারণে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের শিল্প হুমকির মুখে পড়ছে।
এই অতিরিক্ত উৎপাদন-সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনার জন্য নবগঠিত এক্সচেঞ্জ ফোরামে সমাধানে পৌঁছতে সময় লাগবে বলে ইয়েলেন উল্লেখ করেন। অতীতে ইস্পাত খাতে যুক্তরাষ্ট্রকে একইধরনের ভোগান্তি ভুগতে হয়েছে বলে স্মরণ করিয়ে দেন মার্কিন অর্থমন্ত্রী।
সাংবাদিকদের তিনি বলেন, “আমরা আগেও এমনটি দেখেছি। এক দশকেরও বেশি সময় আগে ব্যাপক সরকারি সহায়তা পাওয়ায় কম দামে প্রচুর ইস্পাত উৎপাদন করেছিল চীন। সেই কম দামি ইস্পাতে সয়লাব হয়ে যায় বিশ্ব বাজার। এতে ধ্বংস হয় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশের শিল্প।”
“আমি স্পষ্ট করেই বলেছি যে, প্রেসিডেন্ট বাইডেন এবং আমি কোনোভাবেই আর সেই বাস্তবতা মেনে নেব না। বিশ্ববাজার কৃত্রিমভাবে সস্তা চীনা পণ্যে সয়লাব হয়ে গেলে যুক্তরাষ্ট্র এবং অন্য বিদেশি ফার্মগুলোর কার্যকারিতা প্রশ্নের মুখে পড়ে।”
চীন সফরকালে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে জানিয়ে ইয়েলেন বলেছেন, চীনের অতিরিক্ত শিল্প উৎপাদন ক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের মতো একই উদ্বেগ রয়েছে এর ইউরোপীয় মিত্রদেশগুলোসহ জাপান, মেক্সিকো, ফিলিপিন্সের পাশাপাশি অন্যান্য উদীয়মান বাজারেও।
