২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুতিন সমালোচক নাভালনির আরও ১৯ বছর কারাদণ্ড

রাশিয়ার বিরোধী রাজনৈতিক নেতা নাভালনি ৯ বছরের জেল খাটছেন। তার মধ্যেই নতুন করে তাকে এই কারাদণ্ড দেওয়া হল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2023, 11:15 PM

Updated : 05 Aug 2023, 12:41 AM

রাশিয়ার কারান্তরীন বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনিকে আরও ১৯ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে প্রত্যন্ত পেনাল কলোনির একটি বিচারে।

উগ্রপন্থি একটি সংগঠন প্রতিষ্ঠা ও অর্থায়ন এবং নানা তৎপরতা চালানোর অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক বলে পরিচিত নাভালনিকে। তবে তিনি সব অভিযোগই অস্বীকার করেছেন।

পেরোলের নিয়ম ভঙ্গ, জালিয়াতি এবং আদালত অবমাননার অভিযোগে নাভালনি এরই মধ্যে ৯ বছরের জেল খাটছেন। তার বিরুদ্ধে এ সমস্ত অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে ব্যাপকভাবে ধারণা করা হয়।

বিবিসি জানায়, ২০২১ সালে নাভালনির জেল হওয়ার পর থেকে তাকে প্রত্যন্ত পেনাল কলোনিতে রাখা হয়েছে।

মস্কোর ২৪০ কিলোমিটার পূর্বে মেলেখোভোয় কারাগারে একটি হলরুম ৬ নং পেনাল কলোনিকে অস্থায়ী আদালতকক্ষ বানিয়ে সেখানে নাভালনির রুদ্ধদ্বার বিচার করা হয়েছে।

নাভালনি শিবির জানিয়েছে, বিচারক তার চলমান সাজার মধ্যেই আরও ১৯ বছরের কারাদণ্ড দিয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় কৌসুঁলিরা তার ২০ বছর কারাদণ্ডের আবেদন করেছিলেন।