২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়া আফ্রিকার ‘বিশ্বাসযোগ্য অংশীদার’:ব্রিকসে বলেছেন পুতিন

রাশিয়া ব্রিকসের সদস্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নেও আগ্রহী।

রয়টার্স

Published : 24 Aug 2023, 10:56 PM

Updated : 24 Aug 2023, 10:56 PM

মস্কো আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করতে চায় এবং দেশটি খাদ্যপণ্য ও জ্বালানি সরবরাহে আফ্রিকার ‘বিশ্বাসযোগ্য অংশীদার’ হয়ে থাকবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ব্রিকসের সম্মেলনে বৃহস্পতিবার তিনি এ কথা বলেন। ভিডিও লিংকের মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ওই সম্মেলনে যোগ দেন পুতিন।

বলেন, রাশিয়া আফ্রিকার সাথে ‘বহুমুখী সম্পর্ক’ গড়ে তুলতে আগ্রহী । যা ইউক্রেইনের সঙ্গে সংঘাতের ফলে জ্বালানি ও খাদ্যের মূল্য বৃদ্ধির কারণে বিপর্যস্ত হয়েছে।

গত মাসে রাশিয়া কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি চুক্তি প্রত্যাহার করলে বিশ্ববাজারে তার প্রভাব পড়ে। আবারও হু হু করে বেড়ে যায় খাদ্যপণ্যের দাম। যার কঠোর প্রভাব পড়ে আফ্রিকার দেশগুলোতে।

পুরনো খবর:

৬ দেশকে ব্রিকসে যোগ দেওয়ার আমন্ত্রণ

বিশ্বের শীর্ষ শস্য রপ্তানিকারক দেশগুলোর মধ্যে রাশিয়া ও ইউক্রেইন অন্যতম।

নিজের বক্তৃতায় এদিন পুতিন আরো বলেন, আফ্রিকার দেশগুলিতে রাশিয়ার ৩০ টিরও বেশি জ্বালানি প্রকল্প ছিল। রাশিয়ার সরবরাহ করা জ্বালানি আফ্রিকার সরকারগুলিকে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সহায়তা করবে।

“গত দুই বছরে আফ্রিকায় রাশিয়ার অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম পণ্য এবং তরল প্রাকৃতিক গ্যাসের রপ্তানি ২ দশমিক ৬ গুণ বেড়েছে।”

রাশিয়া ব্রিকসের সদস্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নেও আগ্রহী বলে জানান তিনি।

বিশ্ব অর্থনীতির এক-চতুর্থাংশের নিয়ন্ত্রণকারী পাঁচ দেশে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার জোট ব্রিকস।

ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের অর্থনৈতিক জোট ব্রিক এর প্রথম আনুষ্ঠানিক সম্মেলন হয় ২০০৯ সালে। পরের বছর দক্ষিণ আফ্রিকার অন্তর্ভুক্তিতে জোটের নাম হয় ব্রিকস। এই জোটের উদ্যোগে ২০১৫ সালের ২১ জুলাই যাত্রা করে নিউ ডেভলেপমেন্ট ব্যাংক-এনডিবি।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এ জোটের তিন দিনের শীর্ষ সম্মেলন চলছে।

এবারের সম্মেলনে আরো ছয় দেশ সৌদি আরব, ইরান, মিশর, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া ও আর্জেন্টিনা ব্রিকসে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে।