২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিরক্ষা চুক্তি করছে ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

এ চুক্তির আওতায় ডেনমার্কে মার্কিন সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করতে পারবে যুক্তরাষ্ট্র

রয়টার্স

Published : 19 Dec 2023, 10:45 PM

Updated : 19 Dec 2023, 10:45 PM

ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র একটি প্রতিরক্ষা চুক্তিতে উপনীত হয়েছে। এ চুক্তির আওতায় ডেনমার্কে মার্কিন সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করতে পারবে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার ডেনমার্কের প্রধানমন্ত্রী মেত্তে ফ্রেডেরিকসেন একথা জানিয়েছেন।

চলতি মাসে যুক্তরাষ্ট্র সুইডেন ও ফিনল্যান্ডের সঙ্গে একই ধরনের চুক্তি সইয়ের পর এবার ডেনমার্কের সঙ্গেও ১০ বছর মেয়াদী এই চুক্তির ঘোষণা এল।

এক সংবাদ সম্মেলনে ড্যানিশ প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেন বলেছেন, “এ চুক্তির অর্থ হল, ডেনমার্কের মাটিতে যুক্তরাষ্ট্রের সেনা ও সামরিক সরঞ্জাম স্থায়ীভাবে মোতায়েন করা যাবে।”

তিনি জানান, গত বছর ফেব্রুয়ারিতে এ চুক্তি নিয় দুই দেশ আলোচনা শুরু করেছিল। চলতি সপ্তাহ শেষে চুক্তিটি সই করা হবে এবং এখন থেকে প্রায় ১ বছর সময়ের মধ্যে প্রয়োজনীয় আইন পাসের পর চুক্তিটি কার্যকর হবে।

সোমবার যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই করেছে ফিনল্যান্ড। ডিসেম্বরের শুরুতে সুইডেনও একই ধরনের চুক্তি করেছে।

এর আগে ২০২১ সালে নরওয়েও একই ধরনের চুক্তি করেছিল। এসব চুক্তির আওতায় রাশিয়ার সঙ্গে সীমান্ত থাকা এই দেশগুলোর মাটিতে যুক্তরাষ্ট্র তাদের সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করতে পারবে।