২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়া সফরে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ও চীনের প্রতিনিধিদল

কোভিড মহামারীতে কড়া ব্যবস্থা নিয়ে উত্তর কোরিয়া সীমান্ত বন্ধ করার পর থেকে দেশটিতে এটিই বিদেশি এই প্রতিনিধিদলের প্রথম সফর।

উত্তর কোরিয়া সফরে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ও চীনের প্রতিনিধিদল

ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2023, 06:02 PM

Updated : 26 Jul 2023, 06:14 PM

উত্তর কোরিয়ায় বিরল সফরে গেছে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর নেতৃত্বাধীন রুশ প্রতিনিধিদল। তাদের সঙ্গে বুধবারেই যোগ দিচ্ছে চীনের একটি প্রতিনিধিদলও।

কোরিয়া যুদ্ধ অবসানে পিয়ংইয়ংয়ের ৭০ বছরপূর্তি উৎসব উদযাপনে অংশ নেবে চীন ও রাশিয়ার এই প্রতিনিধিদল। সাধারণত বড় ধরনের সামরিক কুচকাওয়াজের মধ্য দিয়ে এই বর্ষপূর্তি উদযাপন করা হয়ে থাকে।

কোভিড মহামারীতে কড়া ব্যবস্থা নিয়ে উত্তর কোরিয়া সীমান্ত বন্ধ করার পর থেকে দেশটিতে এটিই বিদেশি এই প্রতিনিধিদলের প্রথম সফর।

এই সফর উত্তর কোরিয়ার সীমান্ত নীতি পরিবর্তনের ইঙ্গিত কিনা তা স্পষ্ট নয়। ২০২০ সালের শুরু থেকে কোভিড মহামারী দূরে রাখার জন্য উত্তর কোরিয়া সীমান্ত বন্ধ করে দিয়ে সব বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্ক থেকে দূরে সরে ছিল।

এমনকী দেশটি খাবার এবং ওষুধের মতো জরুরি পন্য আমদানিও বন্ধ করেছিল। উত্তর কোরিয়া এমনিতেই খাদ্য সংকটে আছে। তার ওপর সীমান্ত বন্ধের পদক্ষেপ এবং পারমাণবিক কর্মসূচির জন্য আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পরিস্থিতি আরও অবনতির দিকে নিয়ে গেছে।

বিশ্লেষকরা বলছেন, এবার কোরীয় যুদ্ধ শেষের বর্ষপূতির্তে চীন এবং রাশিয়ার দূতদের নিয়ে এসে উত্তর কোরিয়া সম্ভবত কোভিড সংক্রান্ত কড়াকড়ি শিথিলেরই আভাস দিচ্ছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে নাগরিকদেরকে মাস্ক ছাড়াই চলাফেরা করতে দেখা যাওয়ার কয়েকসপ্তাহ পরই চীন ও রাশিয়ার প্রতিনিধিদলকে দেশটিতে সফর করতে দেখা যাচ্ছে।

বিবিসি জানায়, রাশিয়ার প্রতিনিধিদল মঙ্গলবার উত্তর কোরিয়ায় পৌঁছেছে। রাজধানী পিয়ংইয়ংয়ের বিমানবন্দরে ঊষ্ণ অভ্যর্থনা পেয়েছে তারা।

ওদিকে, চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য লি হংঝংয়ের নেতৃত্বে চীনা প্রতিনিধিদলও এদিনই কোনও একসময় উত্তর কোরিয়া পৌঁছবে বলে জানিয়েছেন দলের মুখপাত্র।

চীন এবং রাশিয়া দুই দেশই উত্তর কোরিয়ার দীর্ঘদিনের মিত্র। ১৯৫০ সালে কোরিয়া যুদ্ধের সময় দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়াকে সহায়তা করতে সেনা পাঠিয়েছিল চীন। তৎকালীন সোভিয়েত ইউনিয়নও যুদ্ধে উত্তর কোরিয়াকে সমর্থন করেছিল। 

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পরও রাশিয়া উত্তর কোরিয়ার মিত্রই থেকে গেছে। কারণ, দুই দেশই যুক্তরাষ্ট্রকে অপছন্দ করে।

বর্তমানে চলমান ইউক্রেইন যুদ্ধে উত্তর কোরিয়া রাশিয়াকে সামরিক সহায়তা দিচ্ছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের। তবে রাশিয়া এবং উত্তর কোরিয়া দুই দেশই এ অভিযোগ অস্বীকার করেছে।