দক্ষিণ কোরিয়ায় শি জিনপিংয়ের নামে রেস্তোরাঁয় চীনা নাগরিকদের হামলা
সিউলের দক্ষিণে সংনাম শহরের এই রেস্তোরাঁয় গত ২৪ সেপ্টেম্বর মুখোশ পরা চারজন ঢুকে পড়ে আসবাবপত্র ভাঙচুর করে এবং রঙ ছিটায়।
দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নামে পরিচালিত একটি রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল চীনা নাগরিক। হামলার পর তারা চীনে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দক্ষিণে সংনাম শহরে রেস্তোরাঁটির অবস্থিত। সেখানকার সিসিটিভি ক্যামেরার ফুটেজে হামলার দৃশ্য ধরা পড়েছে।
এতে দেখা যায়, গত ২৪ সেপ্টেম্বর ভোরের দিকে মুখোশ পরা চার ব্যক্তি রেস্তোরাঁয় ঢোকে। তারা আসবাবপত্র ভাঙচুর করে এবং রং ছিটিয়ে দেয়।
রেস্তোরাঁর মালিক স্থানীয় গণমাধ্যমকে বলেন, দক্ষিণ কোরিয়ায় সেরা চীনা রেস্তোরাঁ গড়ে তুলতেই তিনি এর নামকরণ করেছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নামে। এর পেছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য ছিল না।
প্রায় ৮ বছর ধরে রেস্তোরাঁটি ব্যবসা করে আসছে। তবে গত এক বছর ধরে রেস্তোঁরার নাম পরিবর্তনের জন্য দাবি উঠছিল বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার দৈনিক পত্রিকা ‘চোসান ডেইলি’।
গত বছর অগাস্টে শি জিনপিং দক্ষিণ কোরিয়ায় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে যোগ দেবেন বলে খবর প্রকাশের পর রেস্তোঁরাটির নাম পরিবর্তনের দাবিতে কয়েক ডজন ফোন আসে বলে জানিয়েছেন এর মালিক। কেউ কেউ নাম পরিবর্তনের বিনিময়ে অর্থ দেওয়ার প্রস্তাবও দেন বলে জানান তিনি।
চীনে ব্যবসা করার দাবিদার ব্যক্তিরা নাম পরিবর্তন করলে মোটা অঙ্কের অর্থের প্রস্তাব দিয়েছিল বলে চোসান ডেইলিকে জানান রেস্তোঁরা মালিক। তিনি বলেন, “তারা নাছোড়বান্দা ছিল।"
চলতি বছরের এপ্রিলে রেস্তোরাঁটির মেন্যুতে থাকা ‘শি জিনপিং স্পেশাল রাইস’ নিয়েও অভিযোগ উঠেছিল। এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার মেধাসম্পদ মন্ত্রণালয়ের কাছে কেউ একজন অভিযোগ দায়ের করেছিল। পরে কোনও অনিয়ম না পাওয়ায় সেই অভিযোগ খারিজ করে মন্ত্রণালয়।
গত সপ্তাহের হামলাকে গত এক বছরে রেস্তোরাঁটিতে হওয়া সবচেয়ে বড় হামলা বলে উল্লেখ করেছেন মালিক। তার হিসাবে, ভাঙচুরের ঘটনায় প্রায় দেড় কোটি দক্ষিণ কোরীয় ওন (১১ হাজার ১০০ ডলার) মতো ক্ষতি হয়েছে।
হামলার পর পাঁচ দিন ‘শি জিনপিং’ রেস্তোরাঁটি বন্ধ ছিল। মঙ্গলবার সেটি আবার চালু করা হয়েছে। তবে নতুন নাম দেওয়ার বিষয়টি এখন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন বলে জানিয়েছেন রেস্তোঁরা মালিক।
পুলিশ মঙ্গলবার হামলার ঘটনায় চার সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করেছে। তাদের সবাই চীনের নাগরিক এবং বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। হামলার পর তারা চীনের সাংহাইয়ে এবং শানডং প্রদেশের ইয়ানতাই শহরে পালিয়ে গেছে বলে ধারণা করছে পুলিশ।
তাদেরকে আটকের জন্য আন্তর্জাতিক পুলিশ ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির অনুরোধ জানানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার পুলিশ। রেড নোটিশ কোনও গ্রেপ্তারি পরোয়ানা নয় বরং এটি আন্তর্জাতিক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কাছে কোনও ব্যক্তিকে আটক ও হস্তান্তর করার জন্য সহযোগিতা চাওয়ার একটি আনুষ্ঠানিক অনুরোধ।
অনলাইনে প্রকাশিত তথ্য অনুযায়ী, রেস্তোরাঁটিতে বিভিন্ন ধরনের চীনা খাবারের পাশাপাশি কিছু দক্ষিণ কোরীয় খাবারও পরিবেশন করা হয়। গুগল রিভিউয়ে রেস্তোরাঁটির গড় রেটিং পাঁচের মধ্যে চার।
