Published : 09 Mar 2026, 11:36 PM
জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে ইরানের ড্রোন হামলা থেকে রক্ষা করতে ড্রোন ইন্টারসেপ্টর এবং ড্রোন বিশেষজ্ঞ দল পাঠিয়েছে ইউক্রেইন।
সোমবার ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একথা জানিয়েছেন।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে আকাশপথে ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের জানানো অনুরোধের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নিয়েছে কিইভ।
যুক্তরাষ্ট্রের অনুরোধ জানানোর পরদিনই (শুক্রবার) ইউক্রেইনের বিশেষজ্ঞ দল গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং শিগগিরই মধ্যপ্রাচ্যে পৌঁছাবে বলে জানান জেলেনস্কি।
তিনি বলেন, “আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। ইউক্রেইন ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বাহিনীকে সুরক্ষা দিতে সহায়তা করতে রাজি হয়েছে।”
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে গত কয়েক বছরে ইরানের শাহেদ ড্রোনসহ বিভিন্ন ড্রোন মোকাবেলায় ইউক্রেইন যে উল্লেখযোগ্য অভিজ্ঞতা অর্জন করেছে, তাই এখন মিত্র দেশগুলোর প্রতিরক্ষায় কাজে লাগছে।
রাশিয়া গত চার বছরের ইউক্রেইন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করে আসছে। এর বিপরীতে ইউক্রেইন সস্তা ড্রোন ইন্টারসেপ্টর তৈরি করেছে।
ইউক্রেইনের দাবি, আকাশে হানাদার ড্রোনকে আঘাত করতে তাদের এই ইন্টারসেপ্টরগুলো দারুণ কার্যকর।
ইউক্রেইনের ড্রোন বিশেষজ্ঞ দল গন্তব্যে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সহায়তা দেবে বলে জানিয়েছেন জেলেনস্কি।