২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ বছর পর্যন্ত সব শিক্ষার্থীকে গণিত পড়তে হবে, পরিকল্পনা সুনাকের

যুক্তরাজ্যে ২০২৩ সালের প্রথম ভাষণে প্রধানমন্ত্রী সুনাক তার অগ্রাধিকারের বিষয়গুলো ঘোষণার পাশাপাশি নানা পরিকল্পনা জানিয়েছেন।

১৮ বছর পর্যন্ত সব শিক্ষার্থীকে গণিত পড়তে হবে, পরিকল্পনা সুনাকের

ছবি: বিবিসি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2023, 09:07 PM

Updated : 04 Jan 2023, 09:27 PM

যুক্তরাজ্যে ১৮ বছর বয়স পর্যন্ত সব শিক্ষার্থীকে গণিত পড়তে হবে- এমনই পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

বিবিসি জানায়, ২০২৩ সালের প্রথম ভাষণে প্রধানমন্ত্রী তার অগ্রাধিকারের বিষয়গুলো ঘোষণা করেছেন, যার মধ্যে আছে স্বাস্থ্যসেবা খাতে জমে থাকা অনেক কাজও।

যুক্তরাজ্য সরকার এখন নানা ধর্মঘট, জীবনযাত্রার ব্যয়–সংকট ও ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) ওপর বিশাল চাপের মুখে আছে।

এ পরিস্থিতিতে নতুন বছরের প্রথম ভাষণে প্রধানমন্ত্রী সুনাক তার দক্ষতা প্রমাণের চেষ্টা নিয়েছেন এবং গত বছর দেশে রাজনৈতিক অস্থিরতার পর এখন সামনে এগুনোর নানা পরিকল্পনা হাজির করতে হচ্ছে তাকে।

বিবিসি জানায়, ভাষণে জনগণকে ৫ টি প্রতিশ্রতি দিয়েছেন সুনাক। এগুলো হচ্ছে, অর্থনীতিকে ঠিক পথে ফেরানো, মুদ্রাস্ফীতি অর্ধেকে নামিয়ে আনা, জাতীয় ঋণ কমানো, স্বাস্থ্য সেবায় ওয়েটিং লিস্ট কমানো, সাগরপথে অবৈধভাবে যুক্তরাজ্যে পাড়ি জমানো শরণার্থী নৌকা ঠেকাতে আইন পাস করা।

এর আগে সাংবাদিকদের কাছে এক ব্রিফিংয়ে সুনাক শিশুদের গণিত শিক্ষার ওপর জোর দেন। প্রধানমন্ত্রী বলেন, “এখন বিশ্বের সবখানে ডেটার ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রতিটি কাজেই পরিসংখ্যানের ভূমিকা আছে। আমাদের শিশুদের চাকরির জন্য আরও বেশি বিশ্লেষণাত্মক দক্ষতা প্রয়োজন। আমাদের শিশুদেরকে এসব দক্ষতা ছাড়াই চাকরির বাজারে নামিয়ে দিলে তাদেরকে হতাশার পথেই ঠেলে দেওয়া হবে।”

ঋষি সুনাকের মতে, ১৬ থেকে ১৯ বছর বয়সী শিক্ষার্থীদের মাত্র অর্ধেক গণিত পড়ে। এর মধ্যে বিজ্ঞানে অধ্যয়ন করা শিক্ষার্থী এবং যারা ইতোমধ্যে বাধ্যতামূলক জিসিএসই করে কলেজে পড়ছে, তারাই আছে।

তবে এই পরিকল্পনায় বি-টেকসহ মানবিক ও সৃজনশীল বিষয়ে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য গণিত অধ্যয়ন বাধ্যতামূলক হবে কিনা সেটি স্পষ্ট নয়।

ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেছেন, সরকার বিদ্যমান যোগ্যতা বাড়ানোর পথ খোঁজার পাশাপাশি ‘আরও উদ্ভাবনী বিকল্প’ নিয়ে ভাবছে। প্রধানমন্ত্রী চলতি পার্লামেন্টেই এ পরিকল্পনা নিয়ে কাজ শুরু করতে চান। তবে আগামী সাধারণ নির্বাচনের আগে পরিকল্পনাটি বাস্তাবয়ন করা সম্ভব হবে না বলে সরকার স্বীকার করেছে।