২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠিয়েছেন জেলেনস্কি, বললেন মার্কিন দূত

খনিজ চুক্তি নিয়ে ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে বাদানুবাদে জড়িয়েছিলেন ইউক্রেইনের প্রেসিডেন্ট। সেই বাকবিতণ্ডার পর সৌদি আরবে ফের বৈঠকে বসেছে দু’পক্ষ।

ট্রাম্পের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠিয়েছেন জেলেনস্কি, বললেন মার্কিন দূত
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বাগ্‌বিতণ্ডার বৈঠক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2025, 05:42 PM

Updated : 26 Aug 2026, 11:59 AM

হোয়াইট হাউজের সেই বাকবিতণ্ডার বৈঠকের পর ক্ষমা চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ একথা জানিয়েছেন।

হোয়াইট হাউজের ওভাল অফিসে ওই তিক্ত বৈঠকের পর এবার সৌদি আরবে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেইন।

এই বৈঠক শুরুর ঠিক আগে দিয়ে সোমবার মার্কিন সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ’-কে উইটকফ জানান ট্রাম্পের কাছে ক্ষমা চেয়ে জেলেনস্কির চিঠি পাঠানোর কথা।

উইটকফ বলেন, “জেলেনস্কি একটি চিঠি পাঠিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পকে। ওভাল অফিসের গোটা ঘটনার জন্য তিনি ক্ষমা চেয়েছেন। আমার মনে হয় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের প্রতিনিধি দল, ইউক্রেইন এবং ইউরোপীয়দের মধ্যে অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।”

‘দ্য ওয়াশিংটন পোস্ট’ জানায়, ট্রাম্পও গত মঙ্গলবার কংগ্রেসে ইউনিয়ন অব দ্য নেশনস এর ভাষণের সময় জেলেনস্কির চিঠি পাওয়ার কথা বলেছিলেন। তবে তাতে ক্ষমা চাওয়ার কোনও কথা ছিল কিনা তা জানাননি তিনি।

এবার বিশেষ মার্কিন দূত উইটকফ যে চিঠির কথা বললেন, সেটি কি   ট্রাম্পের উল্লেখ করা সেই চিঠি না-কি নতুন কোনও চিঠি পৌঁছেছে হোয়াইট হাউজে, তা খোলসা করেননি।

ওভাল অফিসে দুই ট্রাম্প ও জেলেনস্কির যে নজিরবিহীন বাকবিতণ্ডার বৈঠক হয়েছিল তা নিয়ে আগেই মুখ খুলেছিলেন জেলেনস্কি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে দুঃখপ্রকাশও করেন তিনি। তর্কাতর্কির ঘটনায় তিনি ‘অনুতপ্ত’ বলেও জানান। যদিও তার পোস্টে ক্ষমা চাওয়ার প্রসঙ্গ উল্লেখ ছিল না।

তাছাড়া, ওয়াশিংটন পোস্ট এ বিষয়ে জানতে চেয়ে জেলেনস্কির মুখপাত্রর সঙ্গে যোগাযোগ করে। জেলেনস্কির এই শীর্ষ সহযোগী মিখাইলো পোদোলিয়াক এর আগে ফরাসি একটি পত্রিকাকে বলেছিলেন, তার বস ক্ষমা চাইবেন না।