নিচ দিয়ে ওড়া ইরানি ড্রোন সামলাতে হিমশিম যুক্তরাষ্ট্র
নিম্ন-উচ্চতার হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের তেমন বিনিয়োগ না করায় ইরান সেই সুযোগ ভালভাবে কাজে লাগিয়েছে বলেই অভিমত বিশেষজ্ঞদের।
ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একক আধিপত্য প্রতিষ্ঠা করতে না পারার কারণ ব্যাখ্যা করেছেন সামরিক বিশেষজ্ঞরা।
তারা বলছেন, নিম্ন-উচ্চতার হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের তেমন বিনিয়োগ করেনি, যে সুযোগটি ইরান খুব সফলভাবেই কাজে লাগিয়েছে। মঙ্গলবার ‘মিডল ইস্ট ইনস্টিটিউট’ আয়োজিত এক ভার্চ্যুয়াল প্যানেল আলোচনায় বিশেষজ্ঞরা একথা বলেন।
যুক্তরাষ্ট্রের গবেষণাপ্রতিষ্ঠান স্টিমসন সেন্টারের ‘রিইম্যাজিনিং ইউএস গ্র্যান্ড স্ট্র্যাটেজি’ প্রকল্পের সিনিয়র ফেলো কেলি গ্রিকো বলেন, “এই যুদ্ধের একটি অদ্ভুত বিষয় হল, যে জায়গাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভালো করার কথা, তারা সেখানেই ভালো করছে। অর্থাৎ, উচ্চ আকাশসীমায় ইরানের সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার বিরুদ্ধে প্রথাগত লড়াইয়ে তারা সফল হচ্ছে।”
“আর তারা হিমশিম খাচ্ছে সেই জায়গায়, যেখানে তারা পর্যাপ্ত বিনিয়োগ করেনি এবং বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেয়নি। সেটি হচ্ছে: আকাশ নিয়ন্ত্রণে নিম্ন-উচ্চতার হুমকি। ইরানের নিচু দিয়ে উড়ে আসা ড্রোন হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র হিমশিম খাচ্ছে।
ইরান উচ্চমাত্রার মোবাইল ব্যবস্থার ওপর নির্ভর করার মাধ্যমে নির্দিষ্ট কিছু এলাকায় আকাশে যুক্তরাষ্ট্রের আধিপত্য রুখে দিচ্ছে, যেখানে আধিপত্য বজায় রাখা ওয়াশিংটনের জন্য প্রয়োজন ছিল বলে জানান গ্রিকো।
তবে তার এই বক্তব্যের কয়েক ঘণ্টা পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেন, গত ২৮ ফেব্রুয়ারিতে ইরানে যুদ্ধ শুরুর পর দেশটি তাদের সব সক্ষমতা হারিয়েছে।
তিনি বলেন, “আমরা এখন তেহরানের আকাশে অবাধে ঘুরে বেড়াচ্ছি।” যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও একে ‘ইতিহাসে নাম লেখানোর মতো বিজয়’ বলে বর্ণনা করেন।
যুদ্ধে ইরানের ভিন্ন পথ:
যুক্তরাষ্ট্রের গবেষণাপ্রতিষ্ঠান স্টিমসন সেন্টারের সিনিয়র ফেলো কেলি গ্রিকোর কথায়, ইরান জানে তারা সরাসরি আকাশযুদ্ধে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সমকক্ষ নয়। তার ইরান তাদের সঙ্গে পাল্লা দিচ্ছে না বরং ভিন্ন পথ নিয়েছে।
নিচু আকাশসীমা ব্যবহার করে ইরান ‘বিঘ্ন সৃষ্টিকারী যুদ্ধ’ (ওয়ার অব ডিসরাপশন) চালাচ্ছে। এই কাজটা তারা করছে বিশেষত ড্রোন দিয়ে। উদ্দেশ্য, উপসাগরীয় দেশগুলোর ব্যাপক ক্ষতি ও ভোগান্তি তৈরি করা।
ইরানের তৈরি শাহেদ ড্রোনগুলো নির্মাণে খরচ কম হলেও সেগুলো মোকাবেলা করতে লাখ লাখ ডলার খরচ করতে হচ্ছে।
গ্রিকো বলেন, উপসাগরীয় দেশগুলো মূলত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর প্রযুক্তিতে বিনিয়োগ করেছিল। কিন্তু নিচু দিয়ে ওড়া ইরানের ড্রোন শনাক্ত করতে তাদের ভিন্ন ধরনের সেন্সর ও রাডার দরকার।
উপসাগরীয় দেশগুলো এই শাহেদ ড্রোন ঠেকাতে যুদ্ধবিমান ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ওপর বেশি নির্ভর করছে বলে জানান তিনি।
বিমান-বিধ্বংসী এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্যাট্রিয়ট ও রাশিয়ার এস-৩০০-এর মতো ব্যবস্থা রয়েছে। যেসব দেশ প্যাট্রিয়ট ব্যবহার করে, তাদেরকে রাশিয়ার প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহারের অনুমতি যুক্তরাষ্ট্র দেয় না।
যুদ্ধের দশম দিনে ট্রাম্প প্রশাসনকে জানানো হয়, উপসাগরীয় দেশগুলোর ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিধ্বংসী প্রতিরোধক (ইন্টারসেপ্টর) এতটাই কমে এসেছে যে, এখন তারা বেছে বেছে নিশানায় আঘাত হানতে বাধ্য হচ্ছে।
সাধারণত একটি ড্রোন বা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে দুটি ইন্টারসেপ্টর দরকার হয়। গবেষণাপ্রতিষ্ঠান ব্রুকিংস ইনস্টিটিউশনের প্রতিরক্ষা ও কৌশল প্রোগ্রামের প্রধান মাইকেল ও’হ্যানলন বলেন, ইরান একটি অস্ত্রের পেছনে যা খরচ করছে, যুক্তরাষ্ট্র তার ১০ গুণ খরচ করতে পারে।
তবে ইরানের একেকটি সস্তা ড্রোন ধ্বংস করতে যুক্তরাষ্ট্রকে যে প্রতিরোধক (ইন্টারসেপ্টর) ব্যবহার করতে হয়, তার দাম ড্রোনের চেয়ে ১০ থেকে ১০০ গুণ বেশি। এই পরিমাণ খরচ করা সম্ভব নয়। সেকারণে ড্রোন ঠেকাতে দামি প্রতিরোধক ব্যবহার করা যুক্তরাষ্ট্রের পোষায় না।
সমাধান কোন পথে?
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয় সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও জর্ডানের কাছে অস্ত্র বিক্রি করার কথা কংগ্রেসকে জানিয়েছে।
মূলত যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুগুলোতে ইরানের বিমান হামলার মুখে উপসাগরীয় মিত্র দেশগুলোর প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে নেওয়া হয়েছে এই পদক্ষেপ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দেশের নিরাপত্তার স্বার্থে জরুরি অবস্থার কথা উল্লেখ করে এসব অস্ত্র বিক্রির ক্ষেত্রে কংগ্রেসের পর্যালোচনার নিয়ম শিথিল করেছেন।
ব্রুকিংস ইনস্টিটিউশনের মাইকেল ও’হ্যানলন বলছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রায় ৭ হাজার ৫০০ কোটি ডলার দরকার হতে পারে।
প্যাট্রিয়ট, থাড এবং সাধারণ ক্ষেপণাস্ত্রের মজুত কমতে থাকলে তা উদ্বেগের বিষয় উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এসব অস্ত্রের আরও বড় মজুত থাকা প্রয়োজন এবং শিল্পভিত্তিও আরও শক্তিশালী হওয়া দরকার।
ড্রোন মোকাবেলায় উপসাগরীয় দেশ ও জর্ডানের জন্য লেজার অস্ত্র ব্যবহার করা প্রয়োজন এবং অঞ্চলটির আবহাওয়াও সাধারণত এই প্রযুক্তির জন্য সহায়ক বলে উল্লেখ করেন ও’হ্যানলন।
তবে তিনি বলেন, লেজার অস্ত্র ব্যবহারের মূল সমস্যা হল- এটি মেঘলা আকাশে ভালো কাজ করে না। স্টিমসন সেন্টারের গবেষক কেলি গ্রিকোর মতে, ইরান বুঝে গেছে, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে।
তাই যদি তারা বিঘ্ন সৃষ্টিকারী যুদ্ধ চালিয়ে যায় এবং যুদ্ধকে ব্যয়বহুল ও দুর্ভোগপূর্ণ করতে চায়, তাহলে প্রতিদিন বড় ধরনের হামলা চালানোটা গুরুত্বপূর্ণ নয়। বরং দিনের পর দিন হামলা চালিয়ে যাওয়ার সক্ষমতা বজায় রাখা এবং হুমকি হিসেবে টিকে থেকে খরচ বাড়িয়ে দেওয়াটাই বিষয়।”
