গুরুত্বপূর্ণ খনিজের পুনর্ব্যবহার নিয়ে প্রথম সম্মেলন করল জাপান ও ভারত
চীনের ওপর নির্ভরতা কমাতে এ উদ্যোগ নিয়েছে দেশ দুটি।
গুরুত্বপূর্ণ খনিজের পুনর্ব্যবহার নিয়ে প্রথমবারের মতো অর্থনৈতিক নিরাপত্তা সম্মেলন করেছে জাপান ও ভারত।
ভারতের রাজধানী নয়া দিল্লিতে শুক্রবার এ সম্মেলন আয়োজন করে জাপানি দূতাবাস। এ আয়োজনে ছিল প্যানেল আলোচনা ও উপস্থাপনা, যাতে অংশগ্রহণ করেন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ীসহ প্রায় ১৩০ জন।
জাপান টাইমস লিখেছে, বিরল মৃত্তিকাসহ গুরুত্বপূর্ণ খনিজের বৈশ্বিক বাজারে আধিপত্য রয়েছে চীনের। এসব খনিজের জন্য ব্যাপকভাবে আমদানির ওপর নির্ভর করতে হয় জাপান, ভারত—উভয় দেশকেই।
এদিকে ফেলনা ইলেকট্রনিক যন্ত্রপাতি থেকে ই-বর্জ্য উৎপাদনে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ। চীনের ওপর নির্ভরতা কমাতে জাপান ও ভারত এমন সম্পদ কাজে লাগাতে চায়, যেগুলো এখনো বিপুল আকারে ব্যবহার হচ্ছে না।
জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে দেশটির নয়া দিল্লি দূতাবাস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অংশ নেওয়া কোম্পানিগুলোকে পরস্পরের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক গড়ে তোলার সুযোগ দেওয়া হয়।
জাপানি গাড়ি নির্মাতা হোন্ডার সহযোগী প্রতিষ্ঠান হোন্ডা ট্রেডিংয়ের ভারতের প্রধান জোজি মুরাকামি বলেন, বিরল মৃত্তিকা খনিজের জন্য বিশ্বজুড়ে প্রতিযোগিতা চলছে। হোন্ডা মোটরের বিভিন্ন যন্ত্রাংশে বিরল মৃত্তিকা খনিজ ব্যবহার করে।
চীনের সরবরাহব্যবস্থা থেকে বেরিয়ে আসার লক্ষ্যে হোন্ডা গ্রুপ ভারতে পুনর্ব্যবহার বা রিসাইক্লিং সংশ্লিষ্ট অংশীদার খুঁজছে বলে জানান মুরাকামি।
