ফিলিপিন্সের শিক্ষার্থীদের ‘প্রতারণা বিরোধী’ পরীক্ষা টুপি ভাইরাল
পরীক্ষায় ‘প্রতারণা’ এড়ানোর অভিনব এ কৌশল সামাজিক যোগাযোগ ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক কৌতুহল তৈরি করেছে।
ফিলিপিন্সের শিক্ষার্থীদের তথাকথিত ‘প্রতারণা বিরোধী টুপি’ পরে কলেজে পরীক্ষা দেওয়ার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
পরীক্ষায় ‘প্রতারণা’ এড়ানোর অভিনব এ কৌশল সামাজিক যোগাযোগ ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক কৌতুহল তৈরি করেছে এবং এতে তারা দারুণ আনন্দ পেয়েছেন বলে জানা গেছে।
বিবিসি জানিয়েছে, দেশটির লেগাসবি শহরের একটি কলেজের শিক্ষার্থীদের মাথায় এমন কিছু পরে আসতে বলা হয়েছিল যেন তারা অন্যদের উত্তরপত্র দেখে লিখতে না পারে।
এতে সাড়া দিয়ে অনেকেই পুরু শক্ত কাগজ, ডিমের বাক্স ও অন্যান্য ফেলনা জিনিস দিয়ে অদ্ভুতদর্শন সব ঢাকনা পরে পরীক্ষা দিতে হাজির হয়।
তাদের শিক্ষক বিবিসিকে জানিয়েছেন, নিজের ক্লাসে ‘সততা ও একাগ্রতা’ বজায় রাখার জন্য তিনি ‘মজার’ একটি উপায় খুঁজছিলেন।
বিকোল ইউনিভার্সিটি কলেজ অব ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক মেরি জয় মানদেন অর্তিজ জানিয়েছেন, ধারণাটা ‘সত্যিই খুব কার্যকর’ হয়েছে।
সাম্প্রতিক মিড-টার্ম পরীক্ষায় এটি প্রয়োগ করা হয়েছে এবং অক্টোবরের তৃতীয় সপ্তাহে হওয়া ওই পরীক্ষায় কয়েকশ শিক্ষার্থী অংশ নিয়েছে।
অধ্যাপক মানদেন অর্তিজ জানান, প্রাথমিকভাবে শিক্ষার্থীদের কাগজ দিয়ে ‘সাধারণ নকশার’ কিছু বানানোর অনুরোধ জানিয়েছিলেন তিনি।
কয়েক বছর আগে থাইল্যান্ডে এমন একটি কৌশল নেওয়া হয়েছিল এবং তিনি তাতেই অনুপ্রাণিত হয়েছিলেন বলে জানিয়েছেন।
২০১৩ সালে ব্যাংককের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দৃষ্টিসীমা ছোট করতে চোখের কাছে মাথার দুই পাশে দুই পাতা কাগজ লাগিয়ে পরীক্ষা দিচ্ছে, এমন একটি ছবি ভাইরাল হয়েছিল।
অধ্যাপক মানদেন অর্তিজ জানান, তার প্রশিক্ষণার্থী প্রকৌশলীরা ধারণাটি গ্রহণ করে আর সেটি প্রয়োগ করে, কয়েকজন শিক্ষার্থী তাদের আশপাশে যা পেয়েছে তাই দিয়ে ‘মাত্র পাঁচ মিনিটের মধ্যে’ অভিনব জটিল মাথার-ঢাকনি তৈরি করে ফেলে।
অন্যরা নির্দেশনা মানতে বিভিন্ন ধরনের টুপি, হেলমেট ও হ্যালোইনের মুখোশ পরে হাজির হয়।
বেশ কয়েকজন অধ্যাপকের ফেইসবুক পোস্টে দেখা যায়, তরুণরা তাদের উদ্ভাবিত বিভিন্ন ধরনের জিনিস পরে আছে। কয়েকদিনের মধ্যেই এসব পোস্টে হাজার হাজার লাইক পরে এবং ফিলিপোনে গণমাধ্যমের কভারেজ পায়।
গণমাধ্যমের খবরে বলা হয়, এখান থেকে অনুপ্রাণিত হয়ে ফিলিপিন্সের অন্য অংশেও স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলো তাদের শিক্ষার্থীদের ‘প্রতারণা বিরোধী’ পরীক্ষা টুপি পরার পরামর্শ দিচ্ছে।
অধ্যাপক মানদেন অর্তিজ জানান, চলতি বছর তার শিক্ষার্থীরা পড়াশোনায় আরও ভালো করেছে, পরীক্ষা কেন্দ্রের কঠোর নিয়মের কারণে তারা পড়াশোনায় আরও বেশি মনোযোগ ও সময় দিয়েছে।
অনেকেই সময়ের আগেই তাদের পরীক্ষা শেষ করেছে এবং এ বছর প্রতারণার কারণে কোনো শিক্ষার্থী ধরা পড়েনি।
