২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের শহরে ইয়েমেনের হুতিদের ড্রোন হামলা, আহত ২২

লোহিত সাগরের উপকূলে এইলাত এলাকায় বুধবার ইয়েমেনের ড্রোন এসে পড়ে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।

ইসরায়েলের শহরে ইয়েমেনের হুতিদের ড্রোন হামলা, আহত ২২
এইলাত বন্দর। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2025, 05:17 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তাদের দক্ষিণাঞ্চলীয় এইলাত শহরে ইয়েমেন থেকে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে অন্তত ২২ জন আহত হওয়ার খবর জানিয়েছেন উদ্ধারকর্মীরা। 

আহতদের দুইজনের অবস্থা গুরুতর। ইসরায়েলের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, বুধবার লোহিত সাগরের উপকূলে এইলাতে ড্রোন এসে পড়ে। আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন টিকে বাধা দিতে ব্যর্থ হয়েছিল।

ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী ইসরায়েলে এই হামলার দায় স্বীকার করেছে। গত ২৪ ঘণ্টার মধ্যে এটি ইসরায়েলের তাদের দ্বিতীয় হামলা বলে দাবি করেছে গোষ্ঠীটি।

আল-জাজিরা আরব নিউজকে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, “এই অভিযান চালানো হয়েছে বেশ কিছু সংখ্যক ড্রোন দিয়ে এবং উদ্দেশ্যও সফলভাবে সাধন হয়েছে।

“আমরা উম আল-রাসরাস এবং বীর আর সাবায় ইসরায়েলের কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছি।”

তবে ইসরায়েলের এইলাতে হুতিদের এমন ড্রোন হামলা এটিই প্রথম নয়। এর আগে গত সপ্তাহেও ইসরায়েলে হুতিদের এমন ড্রোন হামলা হয়েছিল।

গত অগাস্টে ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলের হামলায় মৃত্যু হয়েছিল হুতি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ গালিব আল-রাহাবির। তার পর থেকেই ধারাবাহিক ভাবে ইসরায়েলে হামলা চালাচ্ছে হুতিরা।

তাছাড়া এর আগে ২০২৩-সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল ইয়েমেনে হুতি গোষ্ঠী।

ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিরোধের অক্ষশক্তিতে গাজার হামাস, লেবাননের হিজবুল্লাহ, ইরাকের এমপিএফ-এর পাশাপাশি আছে ইয়েমেনের হুতিরাও।

গত বছর ডিসেম্বরে হুতিরা ইসরায়েলে হাইপারসনিক  ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তার পর থেকে ইসরায়েলও ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে ইয়েমেনে।