১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইরানে হামলার পর বিশ্বজুড়ে দূতাবাস বন্ধ করে দিচ্ছে ইসরায়েল

সাম্প্রতিক পরিস্থিতিতে ইসরায়েল তাদের বৈদেশিক সব মিশন সাময়িকভাবে বন্ধ করে দিচ্ছে এবং কনস্যুলার সেবাও আপাতত দেওয়া হবে না- বলা হয়েছে দূতাবাসের ওয়েবসাইটগুলোর বিবৃতিতে।

ইরানে হামলার পর বিশ্বজুড়ে দূতাবাস বন্ধ করে দিচ্ছে ইসরায়েল
জার্মানির বার্লিনে ইসরায়েলের দূতাবাসে উড়ছে পতাকা। ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2025, 06:45 PM

Updated : 26 Aug 2026, 01:11 PM

ইরানে হামলার পর ইসরায়েল বিশ্বব্যাপী তাদের সব দূতাবাস বন্ধ করে দিচ্ছে। নাগরিকদেরকেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এবং জনসমাগম এলাকায় কোনও ইহুদি বা ইসরায়েলি প্রতীক প্রদর্শন না করার পরামর্শ দেওয়া হয়েছে ইসরায়েলের দূতাবাসের ওয়েবসাইটগুলোতে শুক্রবার পোস্ট করা বিবৃতিতে।

বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতিতে ইসরায়েল তাদের বৈদেশিক সব মিশন সাময়িকভাবে বন্ধ করে দিচ্ছে এবং কনস্যুলার সেবাও আপাতত দেওয়া হবে না। ইসরায়েলি নাগরিকরা বৈরি কোনও তৎপরতার মুখোমুখি হলে তারা যেন স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সহযোগিতা করে।

বিশ্বের বিভিন্ন দেশের ইসরায়েলি দূতাবাসগুলো কতদিন বন্ধ রাখা হবে তার কোনও সময়সীমা জানানো হয়নি বিবৃতিতে। বার্লিনের ইসরায়েলি দূতাবাসে ফোন করে এ বিষয়ে জানতে চাওয়া হলে তারাও বিস্তারিত কিছু জানায়নি।

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন। তিনি জানান, জার্মানি ইসরায়েলি বিভিন্ন স্থান এবং ইহুদিদের সুরক্ষা জোরদার করছে।

সুইডেনের স্টকহোমেও গ্রেট সিনাগগের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভবনের কাছে অবস্থান নিয়েছে পুলিশ ভ্যান ও কার।  বার্তা সংস্থা রয়টারসের এক সাংবাদিক এ খবর জানিয়েছেন।

ইরান যাতে পরমাণু অস্ত্র বানাতে না পারে তা নিশ্চিত করতে দেশটির একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনা এবং সামরিক বাহিনীর কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের ওপর হামলা চালায় ইসরায়েল।

এতে নিহত হন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের প্রধান হোসেইন সালামিসহ এক শীর্ষ সামরিক কর্মকর্তা এবং দুজন পরমাণু বিজ্ঞানী।

ইরান বলেছে, তারা শুক্রবারের এ হামলার ‘তিক্ত ও বেদনাদায়ক’ পাল্টা প্রতিশোধ নেবে। ইরানের এই পাল্টা হামলার আশঙ্কাতেই ইসরায়েল বিশ্বজুড়ে এই পূর্বসতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।