জনস্বাস্থ্যের জন্য হুমকি ই-সিগারেট নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া
ভ্যাপের কারণে অস্ট্রেলিয়ায় নিকোটিনে আসক্ত এক তরুণ প্রজন্ম গড়ে উঠছে।
ভ্যাপ হোক বা ই-সিগারেট; বিশ্বজুড়ে তরুণদের মধ্যে ধূমপানের নতুন এ পদ্ধতি দারুণ জনপ্রিয়। যেটিকে স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি বলে বর্ণনা করে একে ‘মহামারী’ বলেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
অস্ট্রেলিয়া সরকার জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি বিবেচনায় এবার চিত্তবিনোদনের জন্য ভ্যাপের বেশ কিছু ধরণ নিষিদ্ধ এবং বাকি গুলোর উপর বিধিনিষেধ আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় বিবিসি।
দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সরকারকে ভ্যাপ ব্যবহারের নিয়মে সংস্কার আনার পরামর্শ দেয়।
অস্ট্রেলিয়ায় ওষুধের দোকানেই ভ্যাপ পাওয়া যায়। চিকিৎসার জন্যও চিকিৎসকরা মাঝেমধ্যে ব্যবস্থাপত্রে ভ্যাপ গ্রহণের পরামর্শ দিয়ে থাকেন।
কিন্তু সেগুলোর মান ঠিক মত যাচাই না করার কারণে নিম্নমানের পণ্যে বাজার সয়লাব হয়ে গেছে। কালোবাজার থেকেও সহজেই নিম্নমানের ভ্যাপ মানুষের হাতে পৌঁছে যাচ্ছে।
তাই অস্ট্রেলিয়া সরকার ভ্যাপের ন্যূনতম মান যাচাইয়ের ব্যবস্থার পাশাপাশি ফার্মেসিতে ভ্যাপ বিক্রি সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে বলে মঙ্গলবার জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার। যদিও দেশটিতে নিকোটিন যুক্ত ভ্যাপ কিনতে হলে প্রেসক্রিপশন দেখাতে হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই পণ্যের কারণে অস্ট্রেলিয়ায় নিকোটিনে আসক্ত এক তরুণ প্রজন্ম গড়ে উঠছে।
ভ্যাপ বা ই-সিগারেটে একটি তরল (সাধারণত তরল নিকোটিন) থাকে। যা তাপের মাধ্যমে বাষ্পে রূপান্তরিত হয় এবং ব্যবহারকারী ওই বাষ্প ফুসফুসে টেনে নেন।
ভ্যাপ নিয়ে বিশ্বজুড়ে খুব বড় একটি ‘ভ্র্রান্ত’ ধারণা রয়েছে। অনেকে মনে করেন, যারা ধূমপান ছাড়তে চাইছেন তাদের কাজটি সহজ করে দিতে ভ্যাপ উপকারী।
অনেকে আবার আয়েস করার পণ্য হিসেবে ভ্যাপ গ্রহণ করেন। অস্ট্রেলিয়ার বড় বড় নগরীর তরুণদের মধ্যে এ কারণে ভ্যাপের ব্যবহার অনেক বেশি বলে জানায় বিবিসি।
স্বাস্থ্যমন্ত্রী বাটলার বলেন, ‘‘ঠিক যেমন তারা ধূমপানের বেলায় করেছে...বড় বড় তামাক কোম্পানিগুলো আরেকটি আসক্তিমূলক পণ্য বাজারে এনেছে। এটিকে চকচকে মোড়কে মুড়েছে এবং নিকোটিন আসক্ত একটি নতুন প্রজন্ম তৈরি করতে তাতে মিষ্টি স্বাদ যোগ করেছে। আমদের প্রতারিত করা হয়েছে।”
সাধারণ সিগারেটের তুলনায় অনেকে ভ্যাপকে নিরাপদ মনে করেন। তাদের যুক্তি, সেগুলোতে ক্ষতিকারক তামাক থাকে না। এমনকি যুক্তরাজ্য সরকার পর্যন্ত ধূমপায়ীদের ধূমপান আসক্তি থেকে বের করে আনতে তাদের ‘সোয়াপ টু স্টপ’ (বন্ধ করতে পরিবর্তন) প্রকল্পের আওতায় কিছু কিছু ধূমপায়ীকে বিনামূল্যে ভ্যাপ প্রদাণ করেছে।
কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাপ কোনো দিক দিয়েই ঝুঁকিমুক্ত নয়। কারণ, সেগুলোতেও রাসায়নি পদার্থ থাকে। ভ্যাপের দীর্ঘমেয়াদী ব্যবহার মানবদেহের জন্য কতটা ক্ষতিকর হতে পারে সেই তথ্যও এখনো পাওয়া যায়নি।
ভ্যাপ নিষিদ্ধ করার পেছনে অস্ট্রেলিয়া সরকারের যুক্তি হচ্ছে, পণ্যটি জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটি তরুণদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এমন অনেক তরুণ ভ্যাপ গ্রহণ করছেন যাদের অতীতে ধূমপানের অভ্যাস ছিল না।
এক গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, অস্ট্রেলিয়ায় ১৪ থেকে ১৭ বছর বয়সের কিশোর-কিশোরীদের মধ্যে প্রতি ছয়জনে একজন ভ্যাপ গ্রহণ করে। ১৮ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে এই অনুপাত প্রতি চারজনে একজন।
৫২ বছর বয়সের বাটলার মজার ছলে বলেন, ‘‘শুধুমাত্র আমার বয়সীদের বেলায় প্রতি ৭০ জনে একজন ভ্যাপ গ্রহণ করেন।”
তিনি বলেন, এই পণ্যটি ‘ইচ্ছাকৃতভাবে’ শিশুদের লক্ষ্য করেই উৎপাদন করা হয়। এবং কোম্পানিগুলো খুচরা পণ্যের দোকানে ‘ললি ও চকলেট বারের সাথেই ভ্যাপ রাখছে’।
তিনি আরও বলেন, ‘‘হাই স্কুলগুলোতে ভ্যাপিং এখন আচরণগত সমস্যার তালিকায় এক নম্বরে উঠে গেছে।”
প্রেসক্রিপশন ছাড়া ভ্যাপ বা ই-সিগারেট রাখলে সম্ভাব্য কী শাস্তির বিধান দেওয়া যায় তা নিয়ে অস্ট্রেলিয়া সরকার রাজ্য এবং অঞ্চলিক সরকারগুলোর সঙ্গে কাজ করবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
বিশ্বের যেসব দেশে ধূমপানের বিরুদ্ধে কঠোর আইন রয়েছে অস্ট্রেলিয়া তার একটি। মূলত ধূমপানের ব্যবহার কমানোর কথা বলে বাজারে নতুন পণ্য হিসেবে ভ্যাপ আনা হয়েছিল।
বাটলার বলেন, ‘‘ভ্যাপ ব্যবহারের কারণে ধূমপান কমেছে, উন্নত দেশগুলোর মধ্যে এমন তালিকা করলে অস্ট্রেলিয়া নিচের দিকেই থাকবে।”
অস্ট্রেলিয়া ভ্যাপ ব্যবহারের আইনে যে সংস্কার আনতে যাচ্ছে তাতে একবার ব্যবহার করা হয় এমন সব ধরণের ভ্যাপ নিষিদ্ধ করা হবে। এছাড়া, যে ধরণের ভ্যাপ ব্যবহারে চিকিৎসকরা পরামর্শ দেন না সেগুলো আমদানিও বন্ধ করা হবে।
চিকিৎসা প্রয়োজনে যে ধরণগুলো ব্যবহারে চিকিৎসকরা পরামর্শ দেন সুগুলোও সুন্দর ও চকচকে মোড়কে থাকতে পারবে না। বরং অন্যান্য ওষুধের মত করে সেগুলো মোড়কজাত করতে হবে।
ভ্যাপের মধ্যে স্বাদ, রঙ, তরল নিকোটিন এবং অন্যান্য উপাদান ব্যবহারের উপরও বিধিনিষেধ আরোপ হবে। কবে নাগাদ এসব নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ আরোপ হবে তা পরে জানিয়ে দেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী বাটলার।
সিঙ্গাপুর ও থাইল্যন্ডের মত অল্প কয়েকটি দেশ এরইমধ্যে ভ্যাপ নিষিদ্ধ করেছে।
