জাপোরিজিয়ার কাছের শহর রাশিয়া খালি করায় ‘চরম আতঙ্ক’
রাশিয়া ১৮টি বসতি থেকে লোকজনকে সরে যেতে বলেছে। খালি হচ্ছে শহর, জাপোরিজিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্র ঘিরে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
ইউক্রেইনের জাপোরিজিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছের একটি শহর থেকে লোকজনকে সরে যেতে বলেছে রাশিয়া। যা ওই অঞ্চলে ‘চরম আতঙ্ক’র কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন কিইভের কর্মকর্তারা।
বিবিসি’র খবরে বলা হয়, রাশিয়া জাপোরিজিয়া অঞ্চলের ১৮টি বসতি থেকে লোকজনকে সরে যেতে বলেছে। যার মধ্যে পরমাণু বিদ্যুৎ ক্ষেত্রটির কাছের শহর এনারহোদারও রয়েছে।
জাপোরিজিয়া পরমাণু বিদ্যুৎ ক্ষেত্র এবং তার আশেপাশের অঞ্চল বর্তমানে রাশিয়ার দখলে রয়েছে। যা পুনরুদ্ধারে ইউক্রেইনের সেনাবাহিনী পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।
মেলিতোপোলের ইউক্রেইনীয় মেয়র ইভান ফেদোরোভ বলেন, হাজার হাজার গাড়িতে করে লোকজন পালিয়ে যেতে শুরু করেছে। ফলে ওই অঞ্চল থেকে বেরিয়ে যাওয়ার মুখে তীব্র যানজটের সৃষ্টি হযেছে। লোকজনকে অন্তত পাঁচ ঘণ্টা যানজটের মধ্যে অপেক্ষা করতে হচ্ছে।
সেখানে ‘মারাত্মক পরমাণু দুর্ঘটনা ঘটতে পারে’ বলে সতর্ক করেছে জাতিসংঘের পরমাণু বিষয়ক নজরদারি সংস্থা ইন্টারন্যাশনাল অটোমিক এনার্জি এজেন্সি (আইএইএ)।
আইএইএ-র পরিচালক রাফায়েল গ্রোসি বলেন, ‘‘জাপোরিজিয়া প্ল্যান্টের পরিস্থিতি ক্রমাগত অনিশ্চিত হয়ে উঠছে এবং সম্ভবত বিপজ্জনকও হচ্ছে।”
আইএইএ এর বিবৃতিতে আরো বলা হয়, ‘‘যেহেতু পরমাণু বিদ্যুৎ ক্ষেত্রটির পরিচালনা কর্মীরা সেখানেই রয়েছেন এবং সেখানে উত্তেজনা ও চাপ ক্রমশ বাড়ছে, পরিস্থিতিও দিন দিন আরো চ্যালেঞ্জিং হয়ে উঠছে তাই তাদের এবং তাদের পরিবারের জন্য বিষয়টি গভীর উদ্বেগের হয়ে উঠেছে।
‘‘ওই প্ল্যান্টের আইএইএ বিশেষজ্ঞরা এই তথ্য পেয়েছেন যে, কাছের এনারহোদার শহরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। ওই শহরেই প্ল্যান্টের বেশিভাগ কর্মী বসবাস করতে শুরু করেছিলেন।”
এদিকে, গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ওই অঞ্চলে রাশিয়ার নিযুক্ত আঞ্চলিক প্রধান ইয়েভগেনি বালিৎস্কি লেখেন, ‘‘গত কয়েকদিন ধরে শত্রুরা যুদ্ধক্ষেত্রের কাছের বসতি লক্ষ্য করে গোলা বর্ষণ বাড়িয়ে দিয়েছে।
‘‘যে কারণে আমাকে শুরুতে ওই অঞ্চলের শিশু ও তাদের বাবা-মা, বয়স্ক ও প্রতিবন্ধী এবং হাসপাতালের রোগীদের সরিয়ে নেওয়া সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে।”
আইএইএ এর আগেও কয়েকবার জাপোরিজিয়া পরমাণু বিদ্যুৎ ক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক বার্তা জারি করেছে।
গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেইনে আগ্রাসণ শুরু করে রাশিয়া। যুদ্ধের শুরুতেই রুশ বাহিনী জাপোরিজিয়া পরমাণু বিদ্যুৎ ক্ষেত্রের নিয়ন্ত্রণ নেয়। যেটি ইউরোপের সর্ববৃহৎ পরমাণু বিদ্যুৎ ক্ষেত্র।
বিদ্যুৎ ক্ষেত্রটি বর্তমানে অচল হয়ে আছে। এটির দখল নিতে গোলা বর্ষণের কারণে সেখানকার বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাছাড়া, নিরাপত্তার খাতিরে সেখানকার পরমাণু চুল্লিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
যেহেতু বিদ্যুৎ নেই তাই ডিজেল চালিত জেনারেটরের মাধ্যমে পরমাণু চুল্লিগুলো শীতল রাখার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবস্থা চালু রাখা হয়েছে। যা নিয়ে গত মার্চে সতর্ক করেছিল আইএইএ।
জাপোরিজিয়া অঞ্চলের বেশিরভাগই এখন রাশিয়ার দখলে। কিন্তু ওই অঞ্চলের রাজধানী জাপোরিজিয়ার দখল এখনো তারা পায়নি।
