কোভিড নিয়ে সতর্ক করায় সাজা পাওয়া ফাং বিন বাড়ি ফিরেছেন
চীনের উহানে যখন করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছিল ওই সময়ে বিশ্ববাসীর সামনে সে তথ্য তুলে ধরেছিলেন নাগরিক সাংবাদিক ফাং।
তিন বছর জেল খাটার পর মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন চীনের নাগরিক সাংবাদিক ফাং বিন।
২০১৯ সালের শেষ দিকে চীনের উহান নগরীতে যখন করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছিল ওই সময়ে দেশটির সরকার বিশ্বের সামনে এ তথ্য আড়াল করার চেষ্টা করেছিল। কিন্তু যে কয়জন সচেতন নাগরিকের কারণে চীন সরকারের প্রতারণা বিশ্বেবাসীর সামনে চলে আসে তাদের এজন ফাং বিন।
তিনি উহান শহরে অচেনা একটি ভাইরাস ছড়িয়ে পড়ার নানা প্রমাণ ভিডিও করে সেসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে শুরু করেন।
২০২০ সালের ফেব্রুয়ারিতে হঠাৎ করেই একদিন উধাও হয়ে যান ফাং। পরে জানা যায়, উহানে বদ্ধদ্বারের পেছনে গোপন বিচারে ফাংকে দোষীসাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে।
সাজার মেয়াদ শেষ করার পর গত রোববার ফাং কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদের বরাত দিয়ে জানায় বিবিসি।
ফাং সুস্থ আছেন এবং তার স্বাস্থ্য ভালো আছে বলেও জানান তারা। ফাং উহানে তার বাড়িতে ফিরেছেন। বিবিসি থেকে ফাংয়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের নাগাল পাওয়া যায়নি।
চীনের নাগরিক অধিকার আন্দোলনকর্মীরা ফাংয়ের মুক্তিকে স্বাগত জানিয়েছেন। কিন্তু তারা একইসঙ্গে আরেক ‘হুইসেলব্লোয়ার’ ৩৯ বছরের নারী আইনজীবী জ্যাং জান কে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ২০২০ সালের মে মাসে জ্যাংকে আটক করা হয় এবং ওই বছর ডিসেম্বরে তাকে চার বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়।
বিবিসি জানায়, ২০২০ সালের ফেব্রুয়ারিতে উহান থেকে চেন কুইশি ও লি জেহুয়া নামে আরো দুইজন নিখোঁজ হয়েছিলেন। বেশ কয়েক মাস পর তাদের খোঁজ পাওয়া যায়।
ফাংয়ের যে ভিডিওগুলো বিশ্ববাসীর নজর কেড়েছিল তার একটিতে দেখা গিয়েছিল, তিনি উহানে একটি কোভিড হাসপাতালের বাইরে পাঁচ মিনিটের মধ্যে আটটি মৃতদেহ বহনকরা ব্যাগ গুণলেন।
তিনি জানিয়েছিলেন, সেই রাতেই পুলিশ তাকে আটক করেছিল। পরে ছেড়ে দেয়।
পরে একটি বার্তা দিয়ে ভিডিও পোস্ট করেন তিনি। যেখানে বলা হয়, ‘‘সবাই বিক্ষোভ করুন....সরকারের হাতে থাকা ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হোক।”
ওটাই ছিল ফাংয়ের পোস্ট করা শেষ ভিডিও। জ্যাং বাস করতেন সাংহাইতে। নতুন একটি ভাইরাস ছড়ি পড়ার খবর জানতে পেরে ২০২০ সালের ফেব্রুয়ারিতে তিনি উহানে গিয়েছিলেন।
জ্যাং সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ও টুইটারে সক্রিয় ছিলেন। যদিও চীনে ইউটিউব ও টুইটার উভয়ই নিষিদ্ধ। কিন্তু জ্যাং সেগুলোতে একের পর এক ভিডিও প্রকাশ করছিলেন। যে জন্য উহানের স্থানীয় প্রশাসন থেকে তাকে হুমকিও দেওয়া হয়েছিল।
এক সাক্ষৎকারে জ্যাং বলেছিলেন, ‘‘হয়তো আমার মধ্যে বিদ্রোহী এক আত্মা বাস করে....আমি শুধু সত্য ঘটনা তুলে রাখছিলাম। কেন আমি সত্য প্রকাশ করতে পারবো না?”
গ্রেপ্তার হওয়ার পরপরই অনশন শুরু করেছিলেন জ্যাং। অনাহারে এক পর্যায়ে তার ওজন ৪০ কেজির নিচে চলে গিয়েছিল। পরে কারাগারে তাকে জোর করে খাবার খাওয়ানো হয়। এখনো তিনি অনশন করছেন কিনা তা জানা যায়নি।
