২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

যুক্তরাজ্যে চীনের বিশাল দূতাবাস তৈরির পরিকল্পনা অনুমোদন

ইউরোপে এটিই হবে সবচেয়ে বড় চীনা দূতাবাস। যুক্তরাজ্য সরকার এই দূতাবাস অনুমোদনের মধ্য দিয়ে চীনের সঙ্গে সম্পর্কোন্নয়নের আশা করছে।

যুক্তরাজ্যে চীনের বিশাল দূতাবাস তৈরির পরিকল্পনা অনুমোদন
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2026, 11:44 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

লন্ডনে টাওয়ার ব্রিজের কাছে রয়্যাল মিন্ট কোর্টে চীনের নতুন বিশাল দূতাবাস নির্মাণের পরিকল্পনা অনুমোদন করেছে যুক্তরাজ্য সরকার। 

এই দূতাবাস গুপ্তচরবৃত্তির ঘাঁটি হিসাবে ব্যবহার হতে পারে এবং নিরাপত্তার জন্য ঝঁকিপূর্ণ হতে পারে- বিরোধীদের এমন সতর্কবার্তার পরও মঙ্গলবার পরিকল্পনাটি অনুমোদন পেল।

একটি চিঠিতে যুক্তরাজ্যের আবাসন দপ্তর নিশ্চিত করে জানিয়েছে যে, আবাসনমন্ত্রী স্টিভ রিড কয়েকটি শর্তসাপেক্ষে দূতাবাস নির্মাণ কাজ এগিয়ে নেওয়ার অনুমতি দিয়েছেন।

জাতীয় নিরাপত্তা নিয়ে ঝুঁকি থাকার পরও দূতাবাস নির্মাণের অনুমোদন দেওয়ার প্রক্রিয়ায় জড়িত ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলো বলছে, কোনও হুমকি থাকলে তা কমানো যেতে পারে।

ইউরোপে এটিই হবে সবচেয়ে বড় চীনা দূতাবাস। যুক্তরাজ্য সরকার এই দূতাবাস অনুমোদনের মধ্য দিয়ে চীনের সঙ্গে সম্পর্কোন্নয়নের আশা করছে।

স্থানীয় অধিবাসী, আইনপ্রণেতা এবং যুক্তরাজ্যে অবস্থানরত হংকংয়ের গণতন্ত্রপন্থি প্রচারকর্মীদের বিরোধিতার কারণে তিন বছর ধরে চীনের এই মেগা দূতাবাস প্রতিষ্ঠার পরিকল্পনা আটকে ছিল।

চলতি মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার চীন সফরে যাবেন। তার আগে দিয়ে দূতাবাস অনুমোদনের এই সিদ্ধান্ত ঘোষণা করা হল। ২০১৮ সালের পর এবারই প্রথম কোনও ব্রিটিশ প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন।

দূতাবাসটি যেখানে স্থাপন করা হচ্ছে সেই রয়্যাল মিন্ট কোর্ট লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও স্পর্শকাতর ডেটা সরবরাহকারী ফাইবার অপটিক কেব্‌লের খুব কাছেই অবস্থিত।

চীন এই কেবলের সাহায্যে যুক্তরাজ্যের অর্থনৈতিক ব্যবস্থায় হস্তক্ষেপ করতে পারে বলে উদ্বেগ রয়েছে। 

তবে অপটিক ফাইবার কেবলের কাছে দূতাবাস তৈরির কারণে এমন কিছু হওয়ার আশঙ্কা নাকচ করেছে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তার দায়িত্বে থাকা হোম অফিস এবং পররাষ্ট্রদপ্তরও।

তারা এ নিয়ে কোনও আপত্তিও তোলেনি। বরং সরকার স্পর্শকাতর ডেটাগুলো অনেক বেশি সুরক্ষিত রাখার জন্য ধারাবাহিকভাবে বাড়তি পদক্ষেপ নিয়েছে বলে এমপি’দেরকে জানিয়েছেন নিরাপত্তামন্ত্রী ড্যান জারভিস।

তিনি যুক্তি দেন যে, চীনের এই বিশাল দূতাবাস তৈরি হওয়ার ফলে অন্যান্য সাত জায়গায় অবস্থিত চীনা কূটনৈতিক মিশন তখন এক জায়গায় চলে আসবে। এতে বরং জাতীয় নিরাপত্তা অক্ষুন্ন রাখা আরও সুবিধাই হবে।