ইরানে গ্রেপ্তার হওয়া ইতালির সাংবাদিকের মুক্তি
গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে গ্রেপ্তার হওয়ার পর তেহরানের এভিন কারাগারে বন্দি করা হয়েছিল ইতালির সাংবাদিক সিসিলিয়া সালাকে।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মুখপাত্র জানিয়েছেন, ইরানের কারাগার থেকে ইতালীয় সাংবাদিক সিসিলিয়া সালা মুক্তি পেয়েছেন। উড়োজাহাজে করে দেশে ফিরছেন তিনি।
তিন সপ্তাহ ইরানের কারাগারে আটক থাকার পর সালা মুক্তি পেলেন। ইতালির দৈনিক ইল ফোলিওর সাংবাদিক সালা বলেন, গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আটক হওয়ার পর তেহরানের এভিন কারাগারে বন্দি করা হয়েছিল তাকে।
বুধবার মেলোনির কার্যালয় থেকে বলা হয়, "সাংবাদিক সিসিলিয়া সালাকে নিয়ে তেহরান থেকে কয়েক মিনিট আগে রওনা দিয়েছে উড়োজাহাজ।"
এদিকে, সালা মুক্তি পাওয়ায় কূটনৈতিক কর্মকর্তা এবং গোয়েন্দাদেরকে ধন্যবাদ জানিয়েছে ইতালি সরকার।
সিএনএন লিখেছে, ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা বুধবার সকালে এক ফোনালাপে সালার বাবা-মাকে তার মুক্তির খবর জানিয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা গত মাসে ইরানের সংস্কৃতি মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছিল, 'সালাকে ইরানের আইন লঙ্ঘন করার কারণে গ্রেপ্তার করা হয়।'
তবে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি তাকে আটকের বেশ কয়েকদিন পরে বলেছিলেন, "আমরা এখনও অভিযোগের বিষয়ে জানি না।"
পডকাস্ট কোম্পানি কোরা মিডিয়ার জন্যও কাজ করেন ইতালির সাংবাদিক সিসিলিয়া সালা। গতবছর ১২ ডিসেম্বর বৈধ সাংবাদিক ভিসা নিয়ে রোম থেকে তিনি ইরানে গিয়েছিলেন। সেখানে কয়েকটি সাক্ষাৎকার নেন তিনি। পরে সেগুলো দিয়ে তিনি তার ‘স্টোরিজ’ পডকাস্টের তিনটি পর্ব তৈরি করেছিলেন।
২০ ডিসেম্বর সিসিলিয়ার রোমে ফেরার কথা ছিল। কিন্তু ১৯ ডিসেম্বর কয়েকটি বার্তা বিনিময় করার পর তার ফোন সাইলেন্ট হয়ে যায়।
ইরান বিশ্বে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর সবচেয়ে বেশি দমনপীড়ন চালানো দেশগুলোর অন্যতম। বিশেষ করে ২০২২ সালে ইরানজুড়ে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে দেশটিতে গণমাধ্যমের অধিকার ক্ষুন্ন হচ্ছে।
আর অলাভজনক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারসের বার্ষিক পরিসংখ্যান অনুযায়ী- উত্তর কোরিয়া, আফগানিস্তান, সিরিয়া ও ইরিত্রিয়ায় গণমাধ্যম কর্মীদের স্বাধীন কাজের পরিবেশের রেকর্ড আরও খারাপ।
