২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানিতে ধুঁকছে ইউরোপ, বিপুল গ্যাস পোড়াচ্ছে রাশিয়া

জ্বালানি গবেষণা কোম্পানি রিস্তাদ এনার্জি এক বিশ্লেষণে বলেছে, ফিনল্যান্ড সীমান্তের কাছে রাশিয়ার একটি গ্যাসক্ষেত্রে প্রতিদিন ১ কোটি ডলার মূল্যের গ্যাস পোড়ানো হচ্ছে।

জ্বালানিতে ধুঁকছে ইউরোপ, বিপুল গ্যাস পোড়াচ্ছে রাশিয়া

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2022, 08:43 PM

Updated : 26 Aug 2022, 10:59 PM

ইউরোপজুড়ে জ্বালানি সংকটে দাম আকাশ ছোঁয়ার মধ্যেই বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস পোড়াতে শুরু করেছে রাশিয়া।

জ্বালানি গবেষণা কোম্পানি রিস্তাদ এনার্জি বিবিসি নিউজকে দেওয়া এক বিশ্লেষণে একথা জানিয়েছে।

কোম্পানিটির বিশ্লেষণে বলা হয়েছে, ফিনল্যান্ড সীমান্তের কাছে রাশিয়ার একটি গ্যাসক্ষেত্রে প্রতিদিন ১ কোটি ডলার মূল্যের গ্যাস পোড়ানো হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, এ গ্যাস আগে জার্মানিতে রপ্তানি করা হত। যুক্তরাজ্যে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত বিবিসি-কে বলেছেন, রাশিয়া এই গ্যাস পুড়িয়ে ফেলছে। কারণ, এটি কোথাও বিক্রি করার নেই।

গ্যাস পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড নিঃসৃত হচ্ছে তাতে জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।

রিস্তাদ এনার্জি তাদের বিশ্লেষণে বলেছে, প্রতিদিন প্রায় ৪৪ লাখ ৩০ হাজার কিউবিক মিটার গ্যাস পোড়ানো হচ্ছে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের উত্তর-পশ্চিমের পরটোভায়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্ল্যান্ট থেকে এই গ্যাস আসছে।

জার্মানিতে গ্যাস পৌঁছে দেওয়া নর্ডস্টিম ১ পাইপলাইনের একটি কমপ্রেসর স্টেশনের কাছে এ গ্যাসক্ষেত্র অবস্থিত, যেখান থেকে সমুদ্রের তল দিয়ে জার্মানিতে গ্যাস পাঠাত রাশিয়া।

গত জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে রাশিয়া যন্ত্রিক ত্রুটির কথা বলে এই পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে।

Image

ছবি: রয়টার্স

তবে জার্মানি অভিযোগ করে বলেছে, রাশিয়া ইউক্রেইনে সামরিক অভিযান শুরুর পর গ্যাস নিয়ে রাজনীতি শুরু করেছে।

কিন্তু গবেষকরা ওই প্ল্যান্টে গত জুন থেকে উল্লেখ্যযোগ্য মাত্রায় উষ্ণতা ছড়ানোর বিষয়টি খেয়াল করেছেন।

গ্যাস প্রক্রিয়াকরণ প্ল্যান্টে পোড়ানো সাধারণ ঘটনা। সাধারণত কারিগরি কিংবা নিরাপত্তাজনিত কারণে গ্যাস পোড়ানো হয়ে থাকে। কিন্তু গবেষকরা বলছেন, গ্যাস যে মাত্রায় পোড়ানো হচ্ছে তা নজিরবিহীন।

যুক্তরাষ্ট্রে ওহাইওর মিয়ামি বিশ্ববিদ্যালয়ের স্যাটেলাইট ডাটা বিষয়ক বিশেষজ্ঞ ড. জেসিকা ম্যাককার্টি বলেন, “আমি কোনও এলএনজি প্ল্যান্টে কখনও এমন গ্যাস জ্বলতে দেখিনি। জুনের দিকে এটি শুরু হয়েছে এবং এখনও তা চলছে। অস্বাভাবিকরকম উচ্চমাত্রায় গ্যাস জ্বলছে।”

রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় ইউরোপে হু হু করে জ্বালানির দাম বাড়ার মধ্যেই এভাবে পুড়ছে গ্যাস।

যুক্তরাজ্যে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত বিবিসি-কে বলেছেন, “রাশিয়ার গ্যাসের ওপর থেকে ইউরোপের নির্ভরশীলতা কমানোর চেষ্টা দেশটির অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলছে। তারা তাদের গ্যাস বিক্রির অন্য আর কোনও জায়গা পাচ্ছে না। সে কারণে তাদেরকে গ্যাস পুড়িয়ে ফেলতে হচ্ছে।”