না ঘুমিয়ে সঙ্গীর খোঁজ মৃত্যুর মুখে ঠেলে দেয় পুরুষ কোঅল কে
সঙ্গিনীর খোঁজে অনেক দূরত্ব পাড়ি দিতে গিয়ে পুরুষ কোঅল ঘুম ও বিশ্রামের জন্য পর্যাপ্ত সময় ব্যয় করে না।
অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় স্তন্যপায়ী ছোট্ট প্রাণী কোঅল ‘যৌনমিলনের’ জন্য ঠিকমত ঘুমায় না বা বিশ্রাম নেয় না, যে কারণে পুরুষ কোঅল মাত্র এক প্রজনন পর্যন্ত বেঁচে থাকতে পারে বলে এক গবেষণায় উঠে এসেছে।
বুধবার প্রকাশিত ওই গবেষণায় বলা হয়, পুরুষ কোঅল তাদের সঙ্গিনীর খোঁজে অনেক দূরত্ব পাড়ি দেয়। এই সময়ে তারা ঘুম ও বিশ্রামের জন্য পর্যাপ্ত সময় পায় না। তবে নারী কোঅল ঘুম ও বিশ্রামের জন্য পর্যাপ্ত সময় নেয়। যে কারণে পুরুষ কোঅলের তুলনায় তাদের আয়ু প্রায় চার গুণ।
অস্ট্রেলিযার বর্তমানে প্রায় এক লাখ কোঅল রয়েছে; তবে সেগুলোর প্রজনন হার হ্রাস পাচ্ছে বলে গবেষণায় উঠে এসেছে।
বিশেষজ্ঞরা বলছে, কম বিশ্রামের কারণেই হয়ত পুরুষ কোঅল মাত্র এক প্রজনন সময় পর্যন্ত বেঁচে থাকে; নারী কোল বেঁচে থাকতে পারে চার প্রজনন বা চার বছর পর্যন্ত।
সানশাইন কোস্ট ইউনিভার্সিটির জ্যেষ্ঠ প্রভাষক ক্রিস্টোফার ক্লেমেন্ট বলেন, যৌনমিলনের জন্য সঙ্গিনী খুঁজতে তারা অনেক দূর পথ পাড়ি দেয়। তাদের ওই যাত্রা এতটাই উদ্দেশ্যমূলক যে, পথে তারা ঘুমানোর মত অপরিহার্য বিষয়টিও আমলে নেয় না।
কোস্ট ইউনিভার্সিটির তত্ত্বাবধানে পরিচালিত ওই গবেষণায় ৪২ দিনের তথ্যে এসববিষয় উঠে এসেছে। এতে তারা নারী ও পুরুষ কোঅলের শরীরে একটি ‘ট্র্যাকিং ডিভাইস’ বসিয়ে পরীক্ষা করে দেখেন, নারী কোঅলের চেয়ে পুরুষ কোঅল অনেক বেশি দূরত্ব অতিক্রম করে।
কিছু কিছু পুরুষ কোঅল একরাতে প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে বলে গবেষণায় বলা হয়। এটি মানুষের প্রায় ৪০ কিলোমিটর দূরত্বে যাওয়ার সমান।
তাদের এই পথে পুরুষ কোঅলকে একই সঙ্গে অনেক বিপদের মুখে পড়তে হয়। যেহেতু তারা প্রতিটি প্রজননের সময়ের সর্বোচ্চ ব্যবহার করতে চায়, তাই তারা অন্য কোনো দিকে মনযোগ দেয় না। নারী কোঅলের মত পুরুষেরা নিজেদের খাদ্য সন্ধানের সময় বা শিকারি প্রাণীদের বিষয়ে ততটা সতর্কও থাকে না।
প্রধান গবেষক জশুয়া জেশক বলেন, ঘুমের ঘাটতি ও এর সঙ্গে থাকা কয়েকটি লক্ষণ দিয়ে এক প্রজনন পরই পুরুষ কোঅলের মৃত্যুর কারণ ব্যাখ্যা করা হয়তো সম্ভব।
“তারা (পুরুষ কোঅল) অন্যান্য প্রাণীর সহজ শিকারে পরিণত হয়। বিভিন্ন বাধার মুখে পড়লেও সংঘর্ষ এড়াতে অপারগ; অথবা হয়ত কেবল ক্লান্তিতেই মারা যায়।”
তবে এ বিষেয়ে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে হলে আরও বেশি গবেষণা প্রয়োজন বলে মনে করেন এই গবেষক।
জশুয়া বলেন, প্রাথমিক গবেষণায় ঘুমের বিষয়টি এসেছে। কিন্তু এই ঘুম বা বিশ্রাম কীভাবে তাদের উপর প্রভাব বিস্তার করতে পারে তার জন্য আরও তথ্য-উপাত্ত প্রয়োজন।
আর তাদের এই বিলুপ্তির আরও একটি কারণ বিভিন্ন প্রাণীর আক্রমণের ফলে তাদের আবাসস্থলের ক্ষতি। বিশেষ করে অস্ট্রেলিয়ার ‘কেইন টোড’ জাতের এক ধরণের ব্যাঙের বিষে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে।
