ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্র জুড়ে অভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ
হোয়াইট হাউজের পক্ষ থেকে এখন পর্যন্ত এ ঘটনায় ‘সাইবার হামলার’ কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।
ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটির কারণে যুক্তরাষ্ট্র জুড়ে সব ধরণের অভ্যন্তরীণ উড়োজাহাজ চলাচল বেশ কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছে।
ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) পক্ষ থেকে বলা হয়, ‘‘সিস্টেমে এমন একটি ত্রুটি দেখা দিয়েছে যেটি পাইলটদের ফ্লাইট রুটে সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করছে।”
ক্রুটি সারিয়ে ফ্লাইট পরিচালনা ব্যবস্থা পুনরায় স্বাভাবিক করতে কাজ চলছে। তবে স্থানীয় সময় বুধবার অন্তত সকাল ৯টা (ইটি) পর্যন্ত (জিএমটি ১৪:০০) কোনো ফ্লাইট উড্ডয়ন করবে না বলে জানিয়েছে এফএএ কর্তৃপক্ষ।
টুইটারে এক বার্তায় তারা আরো জানান, ‘‘বিভ্রাটের পর এফএএ এখনও নোটিস টু এয়ার মিশন (এনওটিএএম) সিস্টেমকে পুরোপুরি পুনরুদ্ধার করতে কাজ করছে। কিছু কিছু কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। তবে ন্যাশনাল এয়ারস্পেস সিস্টেমের কার্যক্রম এখনও সীমিত রয়েছে।”
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটঅ্যাওয়ার’ এর দেওয়া সর্বশেষ তথ্যানুযায়ী স্থানীয় সময় বুধবার সকাল ৭টা ১৯ মিনিট (ইটি) পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে, আসা ও যাওয়া মিলিয়ে মোট ১,২৩০টি ফ্লাইট এই যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্বিত হয়েছে।
বিমান চলাচলে এই বিভ্রাটের বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে জানিয়ে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়, এখন পর্যন্ত এ ঘটনায় ‘সাইবার হামলার’ কোনো প্রমাণ পাওয়া যায়নি।
কী কারণে এমন ঘটনা ঘটেছে সেটা খুঁজে দেখতে প্রেসিডেন্ট বাইডেন ‘একটি পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন’ বলে টুইটারে জানান হোয়াইট হাউজের প্রেসসচিব।
এফএএ জানায়, মূলত এয়ার মিশন্স সিস্টেমের নোটিস প্রদাণ অংশে এই ত্রুটি দেখা দিয়েছে।
আমেরিকান এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানান, তাদের ‘মালামাল পরিবাহী উড়োজাহাজসহ সব ফ্লাইটের উপর বিভ্রাট প্রভাব ফেলেছে।
ইউনাইটেড এয়ারলাইন্স বলেছে, এফএএ থেকে পরবর্তী আপডেট না পাওয়া পর্যন্ত তারা তাদের সব অভ্যন্তরীণ ফ্লাইট ছাড়তে বিলম্ব করবে।
