২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় আদিবাসীদের স্বীকৃতি প্রশ্নে গণভোটে ‘না’ এর পক্ষে রায়

২০১৭ সালে ‘উলুরু স্টেটমেন্ট ফ্রম দ্য হার্ট’ নামের এক ঐতিহাসিক নথিতে ভয়েস টু পার্লামেন্টের সুপারিশ করা হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2023, 11:43 PM

Updated : 14 Oct 2023, 11:43 PM

স্থানীয় আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে এখনো প্রস্তুত নয় অস্ট্রেলিয়া। শনিবার এই প্রশ্নে অনুষ্ঠিত একটি ঐতিহাসিক গণভোটে দেশটির বেশিরভাগ মানুষ ‘না’ এর পক্ষে ভোট দিয়েছেন।

আদিবাসীরা প্রায় ৬০ হাজার বছর ধরে বর্তমানে অস্ট্রেলিয়া নামে পরিচিত ভূখণ্ডটিতে বসবাস করে এলেও দেশটির সংবিধানে তাদের কোনো উল্লেখ নেই।

১২২ বছরের পুরনো এই সংবিধান পরিবর্তন করে আদিবাসী ও টরেস আইল্যান্ডের মানুষদের স্বীকৃতি দিতে ‘দ্য ভয়েস’ নামে এই প্রস্তাবটি তোলা হয়। যে প্রস্তাবে ‘ভয়েস টু পার্লামেন্ট’ নামে একটি আদিবাসী পরিষদ গঠনের প্রস্তাবও রাখা হয়।

দেশবাসী সংবিধানে পরিবর্তন চান কিনা সেটা জানতে ব্যালট পেপারে শুধু ‘হ্যাঁ’ অথবা ‘না’ লিখতে হয়েছে।

‘না’ এর পক্ষে যারা প্রচার চালিয়েছিলেন তারা একে ‘বিভেদ সৃষ্টিকারী’ বলে বর্ণনা করে। আর ‘হ্যাঁ’ এর পক্ষে যারা ছিলেন তারা একে ‘পরিবর্তনের ঐতিহাসিক সুযোগ’ বলে বর্ণনা করেন।

অস্ট্রেলিয়ার ছয়টি রাজ্যের সবগুলোতেই ‘না’ এর পক্ষে রায় এসেছে বলে জানায় বিবিসি।

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেস বলেছেন, এ পরাজয় কঠিন ছিল।

“যখন আপনি উচ্চাকাঙ্ক্ষী হন, মাঝে মাঝে সেখান পৌঁছাতে আপনাকে ব্যর্থ হতে হয়। আমরা বুঝতে পারছি এবং যে রায় এসেছে তাকে সম্মান জানাচ্ছি।”

বিরোধী দলের নেতা পিটার ডুটন বলেছে, “এই ফলাফল আমাদের দেশের জন্য ভালো হয়েছে।”

‘দ্য ভয়েস’ প্রশ্নে ভোট ছিল অস্ট্রেলিয়ায় ২৫ বছরের বেশি সময়ে মধ্যে প্রথম গণভোট। বিবিসি জানায়, ৭০ শতাংশ ভোট গণনা শেষে ‘না’ ৬০ শতাংশ এবং ‘হ্যাঁ’ এর পক্ষে ৪০ শতাংশ ভোট পড়েছে।

শনিবার স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। ৫০ লাখেরও বেশি অস্ট্রেলীয় আগাম ভোট দিয়ে দিয়েছেন। ভোটারদের জন্য ভোট দেওয়া বাধ্যতামূলক ছিল। সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

২০১৭ সালে ‘উলুরু স্টেটমেন্ট ফ্রম দ্য হার্ট’ নামের এক ঐতিহাসিক নথিতে ভয়েস টু পার্লামেন্টের সুপারিশ করা হয়েছিল। এটি বৃহত্তর অস্ট্রেলিয়ার সঙ্গে আদিবাসীদের মিটমাট ও সমন্বয়সাধনের একটি রোডম্যাপ তৈরি করেছে। ২৫০ এর বেশি আদিবাসী নেতা এর খসড়া তৈরি করেছিলেন।

পুরনো খবর:

আদিবাসীদের স্বীকৃতির প্রশ্নে ঐতিহাসিক গণভোট অস্ট্রেলিয়ায়