যুক্তরাজ্যের বিরুদ্ধে ‘প্রতারণার’ অভিযোগ সুদানে আটকা এনএইচএস চিকিৎসক
উদ্ধারকারী ফ্লাইটে উঠতে ১৬ ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর ডা. আব্দুলরহমান বাবিকরকে লাইন থেকে বের করে দেওয়া হয়।
পরিবারের সঙ্গে ঈদ করতে ছুটি নিয়ে গিয়েছিলেন সুদান। তারপরই সেখানে শুরু হয় লড়াই। যুক্তরাজ্য নিজ দেশের নাগরিকদের উদ্ধার শুরু করলেও দেশটির ন্যাশনাল হেল্থ সার্ভিসে (এনএইচএস) কর্মরত সুদানি বংশোদ্ভুত এক চিকিৎসককে ফ্লাইটে উঠতে দেয়া হয়নি।
ম্যানচেস্টার রয়্যাল ইনফার্মারি হাসপাতালের রেজিস্টার ডা. আব্দুলরহমান বাবিকরের আগামী মঙ্গলবার পুনরায় কাজে যোগ দেওয়ার কথা।
যুক্তরাজ্যের ওয়ার্ক পারমিট (কাজের অনুমতি) নিয়ে এই চিকিৎসক সেখানে কাজ করেন। কিন্তু আপাতত সুদান থেকে শুধু যুক্তরাজ্যের পাসপোর্টধারীদেরই উদ্ধার ফ্লাইটে চড়তে দেওয়া হচ্ছে।
ডা. বাবিকরের যেহেতু যুক্তরাজ্যের পাসপোর্ট নেই তাই তাকে ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি। এনএইচএস-র এমন আরো অন্তত ২৪ জন চিকিৎসক সুদানে আটকা পড়ে আছেন বলে জানায় বিবিসি।
এ বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র অধিদপ্তর থেকে বলা হয়, উদ্ধারের ক্ষেত্রে তারা ব্রিটিশ নাগরিকদের অগ্রাধিকার দিচ্ছে।
বলে, ‘‘ডা. বাবিকরের মত অবস্থায় যারা রয়েছেন তাদের যুক্তরাজ্য প্রবেশ করতে দেওয়া হবে। কিন্তু যুক্তরাজ্য পর্যন্ত যাওয়ার ব্যবস্থা তাদের নিজেদেরই করতে হবে।”
চার বছরের বেশি সময় ধরে ম্যানচেস্টার হাসপাতালের হয়ে কাজ করছেন ডা. বাবিকর।
তিনি বিবিসিকে বলেন, ‘‘সত্যি বলতে, আমার নিজেকে সম্পূর্ণরূপে প্রতারিত মনে হচ্ছে....আমি কোভিড মহামারীর পুরোটা সময় সেখানে কাজ করেছি। আমি খুবই হতাশ।”
তীব্র সংঘাতের মধ্যে প্রাণের ঝুঁকি নিয়ে ওয়াদি সিদনা বিমানঘাঁটিতে পৌঁছেছিলেন ডা. বাবিকর। কিন্তু সেখানে তার সঙ্গে যা ঘটছে সেটা নিশ্চিতভাবেই প্রত্যাশিত ছিল না।
সুদানের রাজধানী খার্তুমের প্রতিবেশী নগরী ওমদুরমানে এক আত্মীয়ের বাড়ি থেকে কথা বলার সময় এই চিকিৎসক আরো বলেন, তিনি আশা করছিলেন এই সংঘাত থেকে বাঁচতে তিনি সাহায্য পাবেন।
বলেন, ‘‘আমি আমাদের এমপির সঙ্গে কথা বলেছিলাম এবং আমাকে ওই বিমানঘাঁটিতে যাওয়ার পরামর্শ দিয়ে ইমেইল করা হয়েছিল।”
প্রায় দুই সপ্তাহ ধরে সুদানের সামরিক বাহিনী এবং দেশটির প্রভাবশালী আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্টে ফোর্সেস (আরএসএফ) এর মধ্যে ক্ষমতার দখলকে কেন্দ্র করে তুমুল লড়াই চলছে।
লড়াইয়ে এরইমধ্যে কয়েকশ মানুষ প্রাণ হারিয়েছেন। রাজধানী খার্তুমের একটি বড় অংশ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
ডা. বাবিকর যুক্তরাজ্যের উদ্ধারকারী ফ্লাইটে উঠতে টানা ১৬ ঘণ্টা লম্বা লাইনে দাঁড়িয়ে ছিলেন।
‘‘এরপর তারা আমাকে বললো ‘আমরা আন্তরিকভাবে দুঃখিত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের এই নির্দেশনা দেওয়া হয়েছে’। এবং একজন সেনা আমাকে লাইন থেকে বের করে দিল।”
এ বিষয়ে বিবিসি নিউজসাইটকে সুদানিজ জুনিয়র ডক্টর’স অ্যাসোসিয়েশন থেকে বলা হয়, ডা. বাবিকর অনেক দীর্ঘ সংকটের একটি উদাহরণ মাত্র।
‘‘আমাদের জানা মতে এনএইচএস-র আরো অন্তত ২৪ জন চিকিৎসক এখানে একই সংকটে পড়েছেন। তারা সুদানে ছুটি কাটাতে এসে আটকা পড়ে গেছেন। তাদের অনেকেই মুসলমান এবং ঈদ উদযাপনের জন্য দেশে এসেছিলেন।
‘‘পুরো পরিস্থিতিতে মানুষের হৃদয় ভেঙে গেছে।”
যুক্তরাজ্যের উদ্ধারকারী ফ্লাইটে উঠতে এনএইচএস চিকিৎসকদের কেউ কেউ পরিবারকে পেছনে ফেলে শুধুমাত্র নিজেরা ওয়াদি সিদনা বিমানঘাঁটিতে গিয়েছিলেন। কারো কারো সঙ্গে ছোট্ট শিশুরাও ছিল।
‘‘তাদের সঙ্গে যে আরচণ করা হয়েছে সেটা খুবই হতাশাজনক। তাদের বিমানঘাঁটি পর্যন্ত পৌঁছানোর যাত্রা একদমই নিরাপদ ছিল না।”
যুক্তরাজ্য মূলত সে দেশের নাগরিক শিশু, অসুস্থ ও বয়স্কদের আগে উদ্ধার করছে বলে জানায় বিবিসি।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে বলা হয়, কাদের উদ্ধার করা হবে সে বিষয়ে ‘খুবই স্পষ্ট’ করে বলে দেওয়া হয়েছে এবং সেই নির্দেশনায় কোনো পরিবর্তন হবে না।
কিন্তু সুদানের মাটিতে যারা কাজ করছেন তাদের এ সময়ে ‘নিজেদের বিচক্ষণতাকে কাজে লাগাতে হবে’।
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, সুদান থেকে বেরিয়ে আসার আরো কয়েকটি পথ খোলা আছে। যেমন ‘চাইলে সীমান্ত অতিক্রম করে তারা মিশরে চলে যেতে পারে’।
কিন্তু ডা. বাবিকর অভিযোগ করে বলেন, তার বেলায় বিবেচনা বোধ বা বিচক্ষণতাকে কাজে লাগানো হয়নি।
বলেন, ‘‘আমি খুবই খুশি মনে অন্যদের সঙ্গে লাইনে অপেক্ষা করতাম, যাদের আমার আগে উদ্ধার করা হবে। কিন্তু এরকম মারাত্মক ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে উদ্ধার হওয়ার কোনো সুযোগই না পাওয়া.....আমি খুবই হতাশ বোধ করছি।”
বৃহস্পতিবার আটটি ফ্লাইটে সুদান থেকে ৮৯৭ জনকে পূর্ব আফ্রিকার দেশ সাইপ্রাসে নিয়ে যাওয়া হয়েছে বলে জানায় যুক্তরাজ্যের পররাষ্ট্র অধিদপ্তর।
সুদানে কয়েক হাজার ব্রিটিশ নাগরিক আটকা পড়ে আছে বলে জানা গেছে। ডা. বাবিকরের মত মানুষের সংখ্যাও প্রতিনিয়ত বাড়ছে।
ব্রিটিশ মিলিটারি চিফ বলেন, ওয়াদি সিদনা বিমানঘাঁটি থেকে তারা প্রতিদিন অন্তত পাঁচশ জনকে উদ্ধার করতে পারবেন।
সুদানে দুই হাজারের বেশি ব্রিটিশ নাগরিক উদ্ধার পেতে এরইমধ্যে নাম নিবন্ধন করেছেন।
