তাইওয়ান হুমকির মুখে পিছপা হবে না: ভাইস প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্র সফরে গিয়ে চীনের নিন্দা ও হুমকির মুখে সমর্থকদের উদ্দেশে একথা বলেন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই।
তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই বলেছেন, কর্তৃত্ববাদী হুমকির মুখে পিছপা হবে না তার দেশ। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে চীনের নিন্দা ও হুমকির মুখে সমর্থকদের উদ্দেশে একথা বলেন তিনি।
আগামী জানুয়ারি মাসে তাইওয়ানে সাধারণ নির্বাচন। এতে লাইয়ের প্রেসিডেন্ট পদে লড়ার কথা রয়েছে।
এর আগে দিয়ে তিনি প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ট্রানজিট নিতে নিউ ইয়র্কে নেমেছেন। তাইওয়ানে ফেরার পথে বুধবার তার যুক্তরাষ্ট্রের আরেক শহর সাফ্রান্সিস্কোতে নামার কথা রয়েছে।
রোববার লাই নিউইয়র্কে নামেন। সেখানে সমর্থকরা তাকে স্বাগত জানায়। এরপরই সমর্থকদের উদ্দেশে লাই বক্তব্য রাখেন বলে জানিয়েছে তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয়।
বক্তব্যে তিনি বলেন, “তাইওয়ান নিরাপদ থাকলে বিশ্ব নিরাপদ, তাইওয়ান প্রণালি শান্তিপূর্ণ থাকলে বিশ্ব শান্তিপূর্ণ থাকবে।”
“তাইওয়ানকে দেওয়া কর্তৃত্ববাদের হুমকি যত বড়ই হোক না কেন আমরা কখনও ভয় পাব না, কাপুরুষ হব না। আমরা গণতন্ত্র ও স্বাধীনতার মূল্যবোধ সমুন্নত রাখব।”
চীন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাইয়ের যুক্তরাষ্ট্র সফরে নিন্দা জানিয়ে তাকে বিচ্ছিন্নতাবাদী এবং সমস্যাসষ্টিকারী আখ্যা দিয়েছে।
তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ মনে করে চীন। সেকারণে লাইয়ের সফরের নিন্দা বরাবরই করে এসেছে চীন। ওদিকে, তাইওয়ান নিজেদের স্বাধীনতাতেই বিশ্বাস করে।
বিশ্বের অন্য অনেক দেশের মতো যুক্তরাষ্ট্রেরও তাইওয়ানের সঙ্গে কোনও আনুষ্ঠানিক সম্পর্ক নেই। কিন্তু দেশটি তাইওয়ানকে অস্ত্র দেওয়াসহ নানা সহযোগিতা করে যাচ্ছে। তাইওয়ানের সুরক্ষায় যুক্তরাষ্ট্র আইনত প্রতিশ্রুতিবদ্ধ।
