২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় তীব্র হামলার মধ্যেই যুদ্ধবিরতি আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে ইসরায়েলি কর্মকর্তা

হোয়াইট হাউজে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন  ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী কৌশল বিষয়ক ইসরায়েলি মন্ত্রী রন ডারমার।

রয়টার্স

Published : 01 Jul 2025, 09:57 PM

Updated : 26 Aug 2026, 01:18 PM

গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের জোর বিমান ও ট্যাংক হামলার মধ্যেই সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে মঙ্গলবার যুক্তরাষ্ট্রে গেছেন ইসরায়েলের কৌশল বিষয়কমন্ত্রী রন ডারমার। 

তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী। হোয়াইট হাউজে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লেভিট।

ইসরায়েলের কর্মকর্তারা জানান, গাজায় যুদ্ধবিরতির প্রসঙ্গ এবং ইরানে ১২ দিনের যুদ্ধের পর আঞ্চলিক কূটনৈতিক চুক্তির সম্ভাবনা নিয়ে ডারমারের বৈঠক করার কথা রয়েছে।

তবে মাঠ পর্যায়ে যুদ্ধবিরতির কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। বরং ইসরায়েল নতুন করে গাজার মানুষজনকে বাড়িঘর ছেড়ে সরে যেতে বলছে। উত্তরের গাজা সিটির পূর্বাঞ্চলীয় এলাকাগুলো ঢুকেছে ইসরায়েলের ট্যাংক।

আর গাজার দক্ষিণে রাফা ও খান ইউনিসে ট্যাঙক ঢুকেছে বলে বাসিন্দারা জানিয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসবমতে, ২৪ ঘন্টায় গাজাজুড়ে ইসরায়েলের গুলি এবং সামরিক হামলায় অন্তত ১১২ জন নিহত এবং ৪০০ জনের বেশি মানুষ আহত হয়েছে।

গাজা সিটির শেজাইয়া এবং জয়তুনে বহু বাড়ি ধ্বংস হয়েছে। তবে এই ধ্বংসযজ্ঞেন বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনীর কাছ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, তারা ইসরায়েলের বিমান, ট্যাংকের হামলায় বিস্ফোরণের শব্দে ঘুমাতে পারছে না। ইসরায়েলের সেনারা গাজার পূর্বাঞ্চল, জাবালিয়া এবং অন্যান্য স্থানের ঘরবাড়ি ধ্বংস করছে বলে জানান তিনি।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের অতর্কিত হামলায় ১ হাজারের বেশি ইসরায়েলি নিহত হওয়ার পর থেকেই গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল।

মাঝে দুই বার স্বল্প সময়ের জন্য যুদ্ধবিরতি হলেও এ বছরের মার্চে যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে ফের গাজায় পূর্ণশক্তি নিয়ে হামলা শুরু করে ইসরায়েল।