চলতি বছর আমাজন বন উজাড় কমেছে এক-তৃতীয়াংশ: ব্রাজিল
চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসে আমাজনের চিরহরিৎ বনাঞ্চল কমেছে ২ হাজার ৬৪৯ বর্গ কিলোমিটার, যা আগের বছরের তুলনায় কম।
এবছর ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভার মেয়াদের প্রথম ছয় মাসে আমাজনে বন উজাড় ২০২২ সালের একই সময়ের তুলনায় ৩৩ দশমিক ৬ শতাংশ কমেছে। ব্রাজিল সরকার একথা জানিয়েছে।
বিবিসি জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসে আমাজনের চিরহরিৎ বনাঞ্চল (রেইনফরেস্ট) কমেছে ২ হাজার ৬৪৯ বর্গ কিলোমিটার, যা আগের বছরের তুলনায় কম।
গত বছর প্রেসিডেন্ট বোলসোনারোর শাসনামলের ৬ মাসে চিরহরিৎ বনাঞ্চল কমেছিল ৩ হাজার ৯৮৮ বর্গ কিলোমিটার।
প্রেসিডেন্ট লুলা ২০৩০ সাল নাগাদ বন উজাড় বন্ধ করা বা গাছ কাটার ছাড়পত্র বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু নিউ ইয়র্ক সিটির চেয়ে তিনগুণেরও বেশি বড় এই বনাঞ্চল উজাড় হওয়া পুরোপুরি বন্ধ করা তার জন্য এক বিশাল চ্যালেঞ্জ।
ব্রাজিলে গত কয়েক বছরে বন উজাড় উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশ্বে জলবায়ু পরিবর্তন রোধে আমাজনের অতিবৃষ্টি অরণ্য বা চিরহরিৎ বনের অবদান খুবই গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার ব্রাজিলের ন্যাশনাল ইনস্টিটিউট অব স্পেস রিসার্চ (ইনপে) বন উজাড় কমার নতুন স্যাটেলাইট তথ্য উপস্থাপন করেছে।
ব্রাজিলের পরিবেশমন্ত্রী মেরিনা সিলভা সাংবাদিকদের বলেছেন, “আমরা ধীরে ধীরে আমাজনের বন উজাড় কমার প্রবণতার দিকে যেতে পেরেছি।”
ইনপের তথ্যমতে, এ বছরের জুন মাসে গাছ কাটা আগের বছরের একই সময়ের তুলনায় রেকর্ড ৪১ শতাংশ কমেছে।
এবছর জানুয়ারিতে ব্রাজিলের দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট লুলা তার পূর্বসূরি কট্টর ডানপন্থি জাইর বোলসোনারোর আমাজন সংশ্লিষ্ট বিভিন্ন নীতি পরিবর্তন করার অঙ্গীকার করেছেন।
আমাজনের আদিবাসী জমিতে খনির কাজ বন্ধ করেছেন লুলা। চলতি বছরের শুরুতে তিনি আদিবাসী জমিগুলোতে খনি খনন নিষিদ্ধ করাসহ বাণিজ্যিকভাবে চাষাবাদেও বিধিনিষেধ আরোপ করেন।
আদিবাসী নেতারা লুলার পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তবে তারা বলেছেন, আমাজনের আরও অঞ্চলের সুরক্ষা প্রয়োজন। বন উজাড় যখন কমছে, তখন পরিসংখ্যানে আগুনের ঘটনা বাড়তে দেখা যাচ্ছে।
স্যাটেলাইটের পর্যবেক্ষণে দেখা গেছে, কেবল গত জুন মাসেই আমাজনে ৩,০৭৫টি দাবানল হয়েছে। ২০০৭ সালের পর এ সংখ্যা সর্বোচ্চ। এতে প্রচুর কার্বন নিঃসরণ ঘটে পরিবেশের ক্ষতি হচ্ছে।
লুলা এর আগে ২০০৩-২০১০ সালে ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। চিরহরিৎ বন রক্ষায় বিভিন্ন উদ্যোগ নিতে ধনী দেশগুলোকে অর্থায়নের জন্যও চাপ দিয়ে আসছেন তিনি।
