১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ওমান উপসাগরে অস্ত্রবাহী জাহাজ জব্দ করেছে ইরান

যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংগঠন জানিয়েছে, জাহাজটিকে ইরানের আঞ্চলিক জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

ওমান উপসাগরে অস্ত্রবাহী জাহাজ জব্দ করেছে ইরান
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2026, 12:36 AM

Updated : 26 Aug 2026, 03:37 PM

ওমান উপসাগরে ‘ফ্লোটিং আর্মারি’ বা ‘ভাসমান অস্ত্রাগার’ হিসেবে পরিচালিত একটি জাহাজ ইরানের সামরিক বাহিনী জব্দ করেছে বলে জানিয়েছে সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা কোম্পানি ‘ভ্যানগার্ড’। 

যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংগঠন (ইউকেএমটিও) জানিয়েছে, জাহাজটিকে বর্তমানে ইরানের আঞ্চলিক জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

মেরিন ট্রাফিক-এর জাহাজ ট্র্যাকিং ডেটা যাচাই করে বিবিসি ভেরিফাই জানিয়েছে, হন্ডুরাসের পতাকাবাহী ‘হুই চুয়ান’ নামের এই জাহাজ সবশেষ বুধবার সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ থেকে ৭০ কিলোমিটার উত্তর-পূর্বে নিজের অবস্থান জানান দিয়েছিল।

ভ্যানগার্ডের কাছে জাহাজটির পরিচালনাকারীরা দাবি করেছেন,  এই জাহাজ একটি ‘ভাসমান অস্ত্রাগার’ হিসেবে ব্যবহৃত হচ্ছিল। মূলত জলদস্যুদের হাত থেকে জাহাজ রক্ষা করতে যেসব নিরাপত্তা সংস্থা কাজ করে, তাদের অস্ত্র ও গোলাবারুদ এই জাহাজে জমা রাখা হয়। 

লোহিত সাগর, এডেন উপসাগর এবং ওমান উপসাগরে এ ধরনের জাহাজ অবস্থান করে থাকে, যাতে নিরাপত্তারক্ষীরা সহজেই তাদের সরঞ্জাম সংগ্রহ করতে পারে এবং জমা দিতে পারে।

তবে জাহাজটিতে ঠিক কী পরিমাণ অস্ত্র ছিল বা কারা এটি ব্যবহার করত, সে বিষয়ে কোনও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। 

অবস্থানগত তথ্য অনুযায়ী, জাহাজটি গত এক মাস ধরে ওমান ও সংযুক্ত আরব আমিরাতের উত্তর-পূর্ব উপকূলে অবস্থান করছিল।

ওদিকে বুধবারই ওমান উপকূলে ভারতের পতাকাবাহী একটি জাহাজ ‘হাজি আলি’ হামলার শিকার হয়েছে। 

ভ্যানগার্ডের মতে, ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার জেরে বিস্ফোরণে জাহাজটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। 

ভারতের নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজটি সোমালিয়ার বারবেরা বন্দর থেকে গবাদি পশু নিয়ে শারজাহর দিকে যাচ্ছিল।

ভারতীয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানায়, জাহাজে থাকা ১৪ জন ভারতীয় ক্রু নিরাপদ আছেন এবং ওমানি কোস্ট গার্ড তাদের উদ্ধার করে দিবা বন্দরে নিয়ে গেছে। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে।

হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার বেইজিংয়ে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 

হোয়াইট হাউজ জানিয়েছে, বৈঠকে শি জিনপিং হরমুজ প্রণালির ‘সামরিকীকরণ’-এর বিরুদ্ধে তার অবস্থান স্পষ্ট করেছেন।

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ সচল রাখতে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার বিষয়ে দুই নেতাই একমত পোষণ করেছেন।