যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েলে জরুরি জাতীয় ঐক্যের সরকার গঠন
অবরুদ্ধ গাজায় একমাত্র বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি বুধবারই ফুরিয়ে গেছে। হামাস বলছে, তারা এখনও ইসরায়েলে লড়াই চালিয়ে যাচ্ছে।
যুদ্ধকালীন পরিস্থিতির জন্য জরুরি ভিত্তিতে একটি জাতীয় ঐক্য সরকার গঠন করেছে ইসরায়েল। গত শনিবার ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস যোদ্ধাদের হামলার পর গাজায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা। গাজা সীমান্তে তিন লাখ সেনা মোতায়েনও করেছে ইসরায়েল।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার সাবেক প্রতিরক্ষামন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা বেনি গান্তজের সঙ্গে একটি যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠন এবং যুদ্ধে পূর্ণ মনোনিবেশ করতে রাজি হন। গান্তজের ন্যাশনাল ইউনিটি পার্টির এক যৌথ বিবৃতিতে একথা জানানো হয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, হামাসের অতর্কিত হামলার পর থেকে এ পর্যন্ত ১,২০০ ইসরায়েলির মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরো ২,৭০০ জনের বেশি।
হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তারা বুধবারও ইসরায়েলের ভেতরে লড়াই করছে। ইসরায়েল গাজার ঠিক উত্তরে ট্যাংক ও সাঁজোয়া যান মোতায়েন করেছে। তবে দেশের ভেতরে লড়াই চলার হামাসের দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি।
গাজায় ইসরায়েলের বিমান হামলায় এখন পর্যন্ত ১,০৫৫ জন নিহত এবং ৫,১৮৪ জন আহত হয়েছে। গাজার হামাস কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৫৩৫টি আবাসিক ভবন ধ্বংস হয়েছে এবং আড়াই লাখ মানুষ গৃহহীন হয়েছে। বাস্তুচ্যুতদের বেশিরভাগই জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে আছে, অন্যরা রাস্তায় দিন পার করছে।
অবরুদ্ধ গাজায় একমাত্র বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি ফুরিয়ে বুধবারই বন্ধ হয়ে গেছে। ইসরায়েলের অবরোধের কারণে গাজায় খাবার, পানি সরবরাহ বন্ধ আছে। ইসরায়েল থেকে বিদ্যুৎ সরবরাহও বন্ধ করা হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী মঙ্গলবার বলেছেন, “আমরা আকাশ থেকে হামলা শুরু করেছি। পরে আমরা স্থলভাগেও পদচারণা করব।”
