২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইন থেকে শস্য ও খাদ্যপণ্য আমদানি নিষিদ্ধ করছে পোল্যান্ড-হাঙ্গেরি

ইউক্রেইন থেকে আমদানি করা শস্য নানা জটিলতায় পোল্য‍ান্ডসহ মধ্য ইউরোপের দেশগুলোতে আটকে যাচ্ছে। যার ফলে স্থানীয় বাজারে শস্যের দাম পড়ে গিয়ে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ইউক্রেইন থেকে শস্য ও খাদ্যপণ্য আমদানি নিষিদ্ধ করছে পোল্যান্ড-হাঙ্গেরি

‘সংহতি, দুর্ভোগ নয়!’ লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করছেন রোমানিয়ার কৃষকরা। ইউক্রেইন থেকে আসা কম দামের শস্যের জোয়ারে নিজেদের বাজারে শস্যের দাম অস্বাভাবিক কমে যাওয়ায় মধ্য ইউরোপের অনেক দেশের কৃষকরা আমদানি বন্ধে বিক্ষোভ করেছেন।

রয়টার্স

Published : 15 Apr 2023, 08:31 PM

Updated : 16 Apr 2023, 03:23 PM

নিজেদের কৃষিক্ষেত্রকে বাঁচাতে প্রতিবেশী দেশ ইউক্রেইন থেকে শস্য ও খাদ্যপণ্য আমদানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পোল্যান্ড ও হাঙ্গেরি সরকার।

শনিবার পোল্যান্ডের ক্ষমতাসীন ‘ল অ্যান্ড জাস্টিস পার্টির’ (পিআইএস) প্রধান ইয়ারোস্লাভ কাচিন্সকি সরকারের এ সিদ্ধান্তের কথা জানান।

এরপর এদিনই একই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবার্নের সরকার। বিদ্যমান পরিস্থিতি স্থানীয় কৃষকদের মারাত্মক ক্ষতি করবে। এই ক্ষতির কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানিয়েছে তারা।

তবে ইউক্রেইনের শস্য ও অন্যান্য খাদ্যদ্রব্য আমদানির ওপর নিষেধাজ্ঞা কবে থেকে কার্যকর হবে তা হাঙ্গেরি জানায়নি। তারা কেবল বলছে, আগামী জুনের শেষ নাগাদ এর মেয়াদ শেষ হবে।

‘লজিস্টিক’ সংক্রান্ত নানা জটিলতায় ইউক্রেইন থেকে আমদানি করা বিপুল পরিমাণ খাদ্যশস্য মধ্য ইউরোপের দেশগুলোতে আটকা পড়ে রয়েছে। ফলে ওইসব দেশে পণ্য সরবরাহ অতিরিক্ত বেড়ে যাওয়ায় পণ্যের দাম অস্বাভাবিক রকম কমে গেছে, যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় কৃষকরা।

গত মাসে ইউরোপীয় কমিশনকে ইউরোপের পাঁচটি দেশের পক্ষ থেকে চিঠি দিয়ে বলা হয়, শস্য, তেলবীজ, ডিম, পোলট্রি ও চিনির মতো পণ্যগুলোর সরবরাহ ‘নজিরবিহীন’ মাত্রায় বেড়ে গেছে। ইউক্রেইনের কৃষিজাত পণ্য আমদানির ক্ষেত্রে এখন শুল্কের বিষয়টি বিবেচনা করা উচিত।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর তুলনায় ইউক্রেইনে খাদ্যশস্যের দাম বেশ কম।

ইউক্রেইন থেকে আসা এসব খাদ্যশস্যের কারণে স্থানীয় বাজারে দাম কমে যাওয়ায় স্থানীয় কৃষকরা ক্ষুব্ধ হচ্ছেন। নির্বাচনের বছরে এভাবে ভোটারদের একটি বড় অংশকে নাখোশ করতে চাইছে না পোল্যান্ডের ক্ষমতাসীন দল পিআইএস।

দলীয় সম্মেলনে তাই কাচিন্সকি ঘোষণা দেন, ‘‘আজ (শনিবার), সরকার (ইউক্রেইন থেকে) শস্য আমদানি এবং সেগুলো পোল্যান্ডে প্রবেশের উপর নিয়ন্ত্রণ ব্যবস্থা জারি করার সিদ্ধান্ত নিয়েছে। শুধু শস্য নয় বরং বেশ কয়েক ধরণের খাদ্যপণ্যের উপরও একই ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘‘আমরা ইউক্রেইনের অকৃত্রিম বন্ধু ও মিত্র আছি এবং থাকব। আমরা তাকে সমর্থন করে যাব এবং যাচ্ছি....আমাদের সম্পর্কে কোনো পরিবর্তন হবে না। কিন্তু প্রতিটি রাষ্ট্র, সরকার এবং ভালো সরকারের দায়িত্ব হচ্ছে যেকোনো পরিস্থিতিতে নিজেদের জনগণের স্বার্থের সুরক্ষা করা।

শস্য সংক্রান্ত যে সমস্যার সৃষ্টি হয়েছে তা সমাধানে পোল্যান্ড সরকার ইউক্রেইনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছে বলেও জানান তিনি। বলেন, এরই মধ্যে ইউক্রেইন সরকারকে পোল্যান্ডের এই সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়েছে।

তবে ইউক্রেইন এমন সিদ্ধান্তে হতাশা জানিয়ে বলেছে, “সংকট সমাধানে একতরফাভাবে নেওয়া কঠোর পদক্ষেপে পরিস্থিতির কোনও ইতিবাচক সুরাহা হবে না।”

হাঙ্গেরি সরকার ইউরোপীয় ইউনিয়ন পর্যায়ে থেকে নিয়মবিধি পরিবর্তনের পাশাপাশি ইউক্রেইনীয় পণ্যের ওপর থেকে আমদানি শুল্ক বাদ দেওয়ার বিষয়টিও পুনর্বিবেচনা করার আশা প্রকাশ করেছেন।