২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভ দমন: ইরানের প্রসিকিউটর জেনারেলসহ একাধিক কর্মকর্তা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায়

১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর এবারের সরকারবিরোধী আন্দোলনকেই দেশটির মোল্লাতন্ত্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

বিক্ষোভ দমন: ইরানের প্রসিকিউটর জেনারেলসহ একাধিক কর্মকর্তা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায়

ফাইল ছবি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2022, 06:02 PM

Updated : 22 Dec 2022, 06:02 PM

সরকারবিরোধী বিক্ষোভ দমনে বলপ্রয়োগ বন্ধে তেহরানের ওপর চাপ সৃষ্টি করতে প্রসিকিউটর জেনারেল এবং ঊর্ধ্বতন বেশ কজন সামরিক কর্মকর্তাসহ ইরানের একাধিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে এ কর্মকর্তাদের কোনো সম্পদ থাকলে তা জব্দ হবে, কোনো মার্কিনি তাদের সঙ্গে কোনো ধরনের লেনদেনও করতে পারবে না। কেবল তাই নয়, নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের সঙ্গে লেনদেনকারীরাও পরে ওয়াশিংটনের কালোতালিকায় ঢুকতে পারে।

সেপ্টেম্বরে নীতি পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর পর গড়ে ওঠা সরকারবিরোধী বিক্ষোভ দমনে ইরানি কর্তৃপক্ষ যে দমনপীড়ন চালাচ্ছে তার প্রতিক্রিয়ায় বুধবার যুক্তরাষ্ট্র এ নিষেধাজ্ঞা দিল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন অর্থ মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলেছে, বিক্ষোভ চলাকালে গ্রেপ্তারকৃতদের কঠোর সাজা দিতে সেপ্টেম্বরে ইরানি আদালতগুলোকে নির্দেশনা দেওয়ায় তারা ইরানের প্রসিকিউটর জেনারেল মোহাম্মদ মোনতাজেরির ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে।

ভিড় হটাতে ব্যবহৃত সাঁজোয়া যানসহ ইরানি আইন প্রয়োগকারী সংস্থার জন্য সরঞ্জাম বানানো কোম্পানি ইমেন সানাত জামান ফারাকেও নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।

বুধবার ওয়াশিংটন ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) দুই কর্মকর্তা এবং বিক্ষোভ দমনে মোতায়েন করা আইআরজিসি সংশ্লিষ্ট আধাসামরিক বাহিনী বাসিজ প্রতিরোধবাহিনীর দুই কর্মকর্তার ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে।  

“মানবাধিকার চাওয়া নিজদেশের জনগণের বিরুদ্ধে মারাত্মক সহিংস আচরণ করা ইরানি শাসকদের নিন্দা জানাচ্ছি আমরা,” বিবৃতিতে বলেছেন মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সন্ত্রাসবাদ ও আর্থিক তথ্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্রায়ান নেলসন।

এ প্রসঙ্গে মন্তব্যের জন্য রয়টার্স অনুরোধ জানালেও নিউ ইয়র্কে জাতিসংঘের ইরান মিশন তাৎক্ষণিকভাবে তাতে সাড়া দেয়নি।

১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর এবারের সরকারবিরোধী আন্দোলনকেই দেশটির মোল্লাতন্ত্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

দেশটির সরকার অস্থিরতা উসকে দেওয়ার পেছনে বিদেশি রাষ্ট্রের হাত দেখছে, আর তাদের নিরাপত্তা বাহিনী ব্যাপক বলপ্রয়োগের মাধ্যমে বিক্ষোভ দমনের চেষ্টা চালাচ্ছে।

অন্য যে কর্মকর্তারা বুধবার যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় পড়েছেন তাদের মধ্যে আছে, তেহরানের আইআরজিসি কমান্ডার হাসান হাসানজাদে, বাসিজ সাইবারস্পেস সদরদপ্তরের প্রধান মোসলেম মঈন এবং বাসিজের উপসমন্বয়ক হোসেইন মারুফি।